ইব্রাহিমই গোল করে বসবে, ভাবেননি ডুলি
কিছু ঘাটতি থাকলেও, সামগ্রিকভাবে দলের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ।
বিশ্বনাথ ঘোষ কাঙ্ক্ষিত গোল এনে দিতে না পারায় ছকে বদল আনেন টমাস ডুলি। মোহাম্মদ ইব্রাহিমকে নামান, যেন সে সতীর্থের গোলে রাখতে পারে অবদান। কিন্তু ইব্রাহিম নিজেই ব্যবধান গড়ে দিলেন। ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর পর বাংলাদেশ কোচ বললেন, তার ভাবনায় ছিল না ইব্রাহিম নিজেই এনে দেবে গোল।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ৬৩তম মিনিটে বদলি নামার দুই মিনিট পর ম্যাচের ভাগ্য গড়ে দেন ইব্রাহিম।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ফরোয়ার্ডকে বদলি নামানোর সময়ের ভাবনা কোনো রাখঢাক না করেই জানান ডুলি।
“একটি পর্যায়ে দৌড়াতে দৌড়াতে বিশু (বিশ্বনাথ) কিছুটা হাঁপিয়ে উঠেছিল। আর আপনারা জানেন, বিশু বল হোল্ড করে রাখার মতো খেলোয়াড় নয়। আমাদের এমন কাউকে প্রয়োজন ছিল যে বল ধরে রেখে শমিত, রাকিব এবং ফাহিমদের ওপরে ওঠার সুযোগ করে দেবে। সেদিক থেকে ইব্রাহিম মাঝমাঠের জন্য একদম আদর্শ ছিল। আমরা শমিতকে ওপরে তুলে দিই।
“শমিত ১০ নম্বর পজিশনে অনেক পরিশ্রম করেছে, নিচ থেকে বল রিসিভ করে আক্রমণভাগে বাড়িয়েছে; কিন্তু তখন সামনে ফিনিশ করার জন্য সে নিজে উপস্থিত ছিল না। তাই আমি ভাবলাম বিশুকে তুলে নিয়ে ইব্রাহিমকে ১০ নম্বরে এবং শমিতকে একেবারে ওপরে খেলানো ভালো হবে। এতে শমিত কিছুটা শক্তি বাঁচিয়ে হেড দিয়ে গোল করার চেষ্টা করতে পারবে। আমি ভাবিনি ইব্রাহিম নিজেই গোল করে বসবে, ভেবেছিলাম সে হয়তো কাউকে দিয়ে গোল করাবে। তবে ভালো ফুটবলাররা এমন মুহূর্ত তৈরি করতেই পারে।”
রাইট-ব্যাক থেকে এদিন হঠাৎ করেই নাম্বার-৯ পজিশনে সুযোগ পাওয়া বিশ্বনাথ গোল করতে না পারলেও, তার পারফরম্যান্সে খুশি ডুলি। সবচেয়ে বেশি খুশি তিনি তিন পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা শুরু করতে পারায়।
“হ্যাঁ, খুব সন্তুষ্ট (দলের পারফরম্যান্সে)। আপনি তো আর পুরো ৯০ মিনিট প্রথম ৩০ মিনিটের গতি ধরে রাখতে পারবেন না, এটা বাস্তবে সম্ভব নয়। কারণ প্রতিপক্ষ দলও তো লড়াই করে, তারাও সামনে যাওয়ার দু-একটি সুযোগ পাবে। আমাদের হয়তো মনোযোগে কিছুটা ঘাটতি হয়েছিল কিংবা অতিরিক্ত দৌড়ানোর কারণে কিছুটা ক্লান্তি চলে এসেছিল।
“ভুটানকে ফাঁকা জায়গা দিলে তারা খেলা তৈরি করতে পারে। তাদের গতি ভালো এবং বল টাচও নিখুঁত। যতক্ষণ পর্যন্ত আমরা তাদের সঙ্গে শারীরিক লড়াইয়ে থাকতে পারব এবং চাপে রাখতে পারব, ততক্ষণ কোনো সমস্যা হবে না। ওই ১৫ মিনিট আমরা তাদের থেকে বেশি দূরত্ব বজায় রেখেছিলাম। কী কারণে এমনটা হয়েছিল, তা নিয়ে আমরা দলের সঙ্গে কথা বলব। তবে সামগ্রিকভাবে দলের পারফরম্যান্স নিয়ে আমি নিশ্চিতভাবেই খুশি।”
