‘চেলসিকে হারানো এখন কঠিন কিছু নয়’
দলের সাদামাটা পারফরম্যান্স ও মাঠে বারবার খেই হারিয়ে ফেলা ভাবিয়ে তুলেছে টমাস টুখেলকে।
প্রিমিয়ার লিগের নতুন আসর শুরু হতেই যেন ব্যাকফুটে চলে গেছে চেলসি। পাঁচ রাউন্ডের মধ্যে তারা হেরে বসেছে দুটিতে। সবশেষ সাউথ্যাম্পটনের বিপক্ষে হারের পর দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন দলটির কোচ টমাস টুখেল।
কোচের দুর্ভাবনার মূল কারণ, তাদের খেলায় সেই চেনা ধার না থাকা। এই দলকে যেন সহজেই হারানো যায়। আর তাই, কক্ষপথে ফিরতে খুব দ্রুত ছেলেদের উন্নতির তাগিদ দিলেন জার্মান কোচ।
সাউথ্যাম্পটনের মাঠে মঙ্গলবার রাহিম স্টার্লিংয়ের গোলে শুরুটা বেশ ভালোই হয়েছিল চেলসির। তবে তাদের খেই হারাতেও দেরি হয়নি। পিছিয়ে পড়ার পাঁচ মিনিটের মধ্যে সমতা টানেন বেলজিয়ান মিডফিল্ডার রোমিও লাভিয়া। আর বিরতির আগে তাদের জয়সূচক গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার অ্যাডাম আর্মস্ট্রং।
আগের অ্যাওয়ে ম্যাচে গত ২১ অগাস্ট লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল চেলসি। ২০২০ সালের ডিসেম্বরের পর লিগে এই প্রথম প্রতিপক্ষের মাঠে টানা দুটি ম্যাচে হারল তারা।
আর টুখেল ব্যক্তিগতভাবে এই তেতো স্বাদ পেলেন আরও লম্বা সময় পর। পিএসজির কোচ থাকার সময় সবশেষ ২০১৯ সালের অগাস্টে এমন অভিজ্ঞতা হয়েছিল তার।
পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৮ নম্বরে অবস্থান করছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে তাদের উপরে সাউথ্যাম্পটন। পয়েন্ট তালিকায় দলের এমন অবস্থান এবং সর্বোপরি খেলোয়াড়দের সাদামাটা পারফরম্যান্স ভাবিয়ে তুলেছে কোচকে।
বিটি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে দলের বর্তমান অবস্থা বোঝাতে যেন সঠিক শব্দ খুঁজে পাচ্ছিলেন না টুখেল।
“জানি না, এক্ষেত্রে উদ্বিগ্ন সঠিক শব্দ হবে কিনা। হারতে আমি খুব অপছন্দ করি, আর সেটাই এই আসরে দুবার হয়ে গেল এবং মৌসুমের শুরুতেই।”
“আমার মনে হচ্ছে, আমাদের হারাতে (প্রতিপক্ষের) খুব বেশিকিছু করতে হচ্ছে না। এটাই আমার ভালো লাগছে না। আমরা একটা বিষয় মেনে নিতে প্রস্তুত যে আমরা হারতে পারি এবং অবশ্যই অ্যাওয়ে ম্যাচে। এটা আমাদের পছন্দ নয় এবং আমরা সব ম্যাচ জয়ের চেষ্টা করি। কিন্তু আমরা যেভাবে চেষ্টা করছি, আমাদের যত দ্রুত সম্ভব বুঝতে হবে সেটা পরিবর্তন করা প্রয়োজন।”
এভারটনের মাঠে ১-০ গোলে জিতে আসর শুরুর পর ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুই দফায় এগিয়ে গিয়েও ২-২ ড্র করে চেলসি। এরপরই লিডস ইউনাইটেডের বিপক্ষে ওই হার।
মাঝে নিজেদের আঙিনায় লেস্টার সিটির বিপক্ষে অনেকটা সময় এক জন কম নিয়ে খেলেও ২-১ গোলে জিতেছিল চেলসি। হার না মানা মানসিকতায় পাওয়া ওই জয়ে দারুণ সম্ভাবনাও জাগে। কিন্তু তিন দিন বাদেই আবারও পথহারা দলটি।
বারবার এমন কেন হচ্ছে? জবাব খুঁজছেন টুখেল।
“’মেনে নেওয়া’ কঠিন, জানি না কেন হচ্ছে। আমরা প্রায় সব ম্যাচেই শুরুটা ভালো করছি, কিন্তু তারপর আমরা লক্ষস্থির রাখতে ও পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে ভুগছি।”
“২০ মিনিট ভালো খেলা যথেষ্ট নয়। লিডসের মাঠেও আমরা তাই করেছিলাম। এরপর একটা বিষয় আমাদের বিপক্ষে গেল এবং ম্যাচজুড়ে আমরা তার জবাব খুঁজে পেতে ধুঁকলাম। কোনোকিছু আমাদের পক্ষে না গেলেই পথে ফিরতে আমাদের লড়াই করতে হচ্ছে।”
চলতি দলবদলে ম্যানচেস্টার সিটি ছেড়ে আসা স্টার্লিংকে দেখে মনে হচ্ছে, নতুন জায়গায় মানিয়ে নিয়েছেন তিনি। চেলসির সবশেষ দুই ম্যাচের তিনটি গোলই তার করা। কিন্তু রক্ষণে তার সতীর্থরা জমাট হতে পারছে না। টুখেলের ভাবনার কারণ সেটাও।
“শেষের দিকে গোল করে ১-০ বা ২-০ গোলে জেতাও সম্ভব। কিন্তু সেটা করতে তো আগে নিজেদের কোনো গোল না খাওয়া নিশ্চিত করতে হবে, আর লক্ষ্যপূরণে মনোযোগী থাকতে হবে।”
