২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগেলসমানকে ছাঁটাই করে টুখেলকে দায়িত্ব দিল বায়ার্ন

মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে বায়ার্ন মিউনিখের এভাবে কোচ বদলের ঘটনা অবাক করেছে অনেককে।

নাগেলসমানকে ছাঁটাই করে টুখেলকে দায়িত্ব দিল বায়ার্ন

ইউলিয়ান নাগেলসমান

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2023, 11:45 PM

Updated : 25 Mar 2023, 01:35 AM

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই জোরেশোরে শোনা যায়, ইউলিয়ান নাগেলসমানকে ছাঁটাই করেছে বায়ার্ন মিউনিখ। পরদিন গুঞ্জনের সত্যতাও মিলে গেল। অল্প বয়সে কোচিংয়ে নেমে আলো ছড়ানো এই জার্মানের সঙ্গে চুক্তি বাতিল করেছে বুন্ডেসলিগার সফলতম ক্লাবটি।

শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে একই সঙ্গে নতুন কোচের নামও ঘোষণা করেছে বায়ার্ন। দায়িত্ব দিয়েছে পিএসজি ও চেলসি থেকে ছাঁটাই হওয়া টমাস টুখেলকে।

চোটের থাবায় তারুণ্যে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে দেওয়া নাগেলসমান বয়স ত্রিশ ছোয়ার আগেই নাম লেখান কোচিংয়ে। হফেনহাইমে তিন বছরের দায়িত্ব পালন শেষে যোগ ডেন লাইপজিগে। মূলত ওই দলটির হয়েই তারকাখ্যাতি পেয়ে যান তিনি।

নাগেলসমানের কোচিংয়ে ২০১৯-২০ বুন্ডেসলিগায় তৃতীয় ও পরের মৌসুমে রানার্সআপ হয়ে বিস্ময়ের জন্ম দেয় ২০০৯ সালে প্রতিষ্ঠিত ক্লাব লাইপজিগ। তারা আরও বড় চমকের জন্ম দেয় ২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগে; সেমি-ফাইনালে খেলে নাগেলসমানের দল।

পরের বছরই তাকে পাঁচ বছরের চুক্তিতে নিয়োগ দেয় বায়ার্ন। বিদায় নিতে হলো মেয়াদ শেষের অনেক আগে।

তার হাত ধরে টানা দশমবারের মতো বুন্ডেসলিগা জয় করে মিউনিখের দলটি। কিন্তু ইউরোপ সেরার মঞ্চে বিদায় নেয় তারা কোয়ার্টার-ফাইনাল থেকে।

চলতি মৌসুমে দলটির পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। বুন্ডেসলিগার শিরোপা ধরে রাখার অভিযানে পয়েন্ট তালিকায় তারা নেমে গেছে দুইয়ে, ২৫ ম্যাচ শেষে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড। আন্তর্জাতিক বিরতি শেষের প্রথম ম্যাচে তাদের বিপক্ষে ফিরতে লেগের লড়াইয়ে নামবে বায়ার্ন।

Image

টমাস টুখেল

তবে মৌসুমের শুরুতে জার্মান সুপার কাপ জয়ী দলটি এবারের জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগে এখনও ভালোভাবেই টিকে আছে। তাই ঘরোয়া লিগে পূর্বের মতো দাপট দেখাতে না পারলেও মৌসুমের মাঝপথে ৩৫ বছর বয়সী নাগেলসমানকে ছাঁটাইয়ে খবর অনেকের কাছেই অবাক করার মতো ঘটনা।

টুখেলের জন্যও তাই নতুন দায়িত্বটা হবে আরও চ্যালেঞ্জের। তারকাসমৃদ্ধ দল অবশ্য আগেও সামলেছেন তিনি, বিশেষ করে পিএসজিতে। কিন্তু শেষটা সেখানে সুখকর হয়নি।

এরপর ‘এলোমলো’ চেলসির দায়িত্ব নিয়ে দলটিকে খুব দ্রুত গুছিয়ে তোলায় দারুণ প্রশংসিত হন এই জার্মান। ইংলিশ দলটিকে ২০২০-২১ মৌসুমে জেতান চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও। পরের মৌসুমে এক পর্যায়ে কিছুটা ছন্দ হারালেও শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে শেষ করে তারা।

কিন্তু চলতি মৌসুমের শুরুতে আবারও ছন্দ হারায় চেলসি। সঙ্গে মালিকপক্ষের সঙ্গে তার বনিবনা না হওয়ার খবরও আসে। সব মিলিয়ে গত সেপ্টেম্বরে তার সঙ্গে চুক্তি বাতিল করে লন্ডনের ক্লাবটি।

এরপর থেকে মাঝে লম্বা সময় বেকার থাকার পর এবার ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিতে বায়ার্নে যোগ দিলেন টুখেল।