জনির গোলে জিতে সাফের প্রস্তুতি সারল বাংলাদেশ
কম্বোডিয়াকে হারিয়ে সাফের আগে আত্মবিশ্বাস সঞ্চয় করে নিল হাভিয়ের কাবরেরার দল।
ডান দিক থেকে দারুণ ক্রস বাড়ালেন ফয়সাল আহমেদ ফাহিম। গতিতে এক ডিফেন্ডারকে পেরিয়ে বল বাতাসে ভেসে থাকা অবস্থায় পা ছোঁয়ালেন মজিবুর রহমান জনি। কম্বোডিয়ার বিপক্ষে খেলার ধারার বিপরীতে এগিয়ে গেল বাংলাদেশ। এই গোল আগলে রেখেই জিতল হাভিয়ের কাবরেরার দল।
নম পেনে জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রীতি ম্যাচে স্বাগতিকদেরকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। ২৫তম মিনিটে জনির গোলটিই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
সাফ চ্যাম্পিয়নশিপে মাঠের লড়াইয়ে নামার আগে এই জয় বাংলাদেশ দলকে নিশ্চিতভাবেই দেবে বাড়তি আত্মবিশ্বাস।
শুরুতে স্নায়ুর চাপে বাংলাদেশ
দর্শকভর্তি স্বাগতিক সমর্থকদের সামনে খেলতে নেমে যেন স্নায়ুর চাপ পেয়ে বসে বাংলাদেশকে। কিক অফের পরপরই ভুল পাসে প্রতিপক্ষের পায়ে বল তুলে দেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। মেহেদী হাসান মিঠুর তড়িৎ ট্যাকলে সে ধাক্কা সামাল দেয় বাংলাদেশ। ফ্রি কিক পায় কম্বোডিয়া। সিন-কাকাডার শট রক্ষণদেয়ালে লেগে কর্নার হয়। কর্নারের পর কৌচ-সকুমফেকের জোরাল শট অল্পের জন্য যায় পোস্টের বাইরে।
আগ্রাসী শুরুর ধারাবাহিকতা ধরে রাখে কম্বোডিয়া। রক্ষণেই ব্যস্ত সময় কাটতে থাকে বাংলাদেশের। মাঝমাঠের নিয়ন্ত্রণ মুঠোয় না থাকায় আক্রমণভাগে অলস সময় কাটছিল সুমন রেজার।
২২তম মিনিটে পাল্টা আক্রমণে ওঠার সুযোগ পান সুমন। কিন্তু চৌন-চানকাভের ট্যাকলে পড়ে যান তিনি। জামাল ভূঁইয়া দুর্বল ফ্রি কিকে বল তুলে দেন গোলরক্ষকের গ্লাভসে। এটিই ছিল বাংলাদেশের প্রথম আক্রমণ।
জনির গোলে এগিয়ে বাংলাদেশ
স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ২৫তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক থেকে ফাহিমের আড়াআড়ি ক্রসে জনির ভলিতে চোখের পলকে বল লুটোপুটি খায় জালে। এগিয়ে যাওয়ার আনন্দে নেচে ওঠে বাংলাদেশের ডাগআউট। লাল-সবুজ জার্সিতে এই প্রথম গোল পেলেন এই মিডফিল্ডার।
কম্বোডিয়া ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে আরও। অন্যদিকে, হঠাৎ পাওয়া গোলে আত্মবিশ্বাসী হয়ে ওঠা বাংলাদেশও রক্ষণের কোঠর থেকে কিছুটা বেরিয়ে এসে খেলার চেষ্টা করতে থাকে। ৪১তম মিনিটে ওরন চানপোলিনের শট আটকান জিকো।
প্রথমার্ধের যোগ করা সময়ে জামালের কর্নারে সুমনের হেড ক্রসবারের উপর দিয়ে উড়ে গেলে দ্বিগুণ হয়নি ব্যবধান।
মোরসালিনের আন্তর্জাতিক অভিষেক
দ্বিতীয়ার্ধেও রক্ষণ জমাট রেখে খেলতে থাকে বাংলাদেশ। ৫১তম মিনিটে সোস-সুহানা ঠিকঠাক চিপ করতে পারেননি। অনায়াসে বল গ্লাভসে জমান জিকো। একটু পর একটি দূরপাল্লার প্রচেষ্টাও ফেরান বসুন্ধরা কিংসের এই গোলরক্ষক।
এবারই প্রথম চূড়ান্ত দলে জায়গা পান শেখ মোরসালিন। জাতীয় দলের জার্সিতে অভিষেকও হয়ে গেল বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডারের। ৫৭তম মিনিটে জামাল ও জনিকে তুলে মোরসালিন ও মোহাম্মদ ইব্রাহিমকে নামান কোচ। ৬৬তম মিনিটে বক্সের বাইরে থেকে মোরসালিনের শট ক্রসবারের অনেক উপর দিয়ে উড়ে যায়।
রফিকুলের অভিষেক
ফর্টিস এফসির এই ফরোয়ার্ডের চূড়ান্ত স্কোয়াডে থাকাই ছিল বড় চমক। ২০ বছর বয়সী তরুণ আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অনির্বচনীয় স্বাদও পেয়ে গেলেন। ৭০তম মিনিটে ফাহিমকে তুলে রফিকুল ইসলামকে নামান কাবরেরা।
একটু পর দূরপাল্লার শটে চেষ্টা করেন ইব্রাহিম, কিন্তু শট হয় লক্ষ্যভ্রষ্ট। ৮২তম মিনিটে সুমনের বদলি নামেন মোহাম্মদ হৃদয়। তিন মিনিট পর পায়ের কারিকুরিতে ডিফেন্ডারকে ছিটকে দিয়ে গোলমুখে বল বাড়িয়েছিলেন রফিকুল, কিন্তু হেড করতে পারেননি কেউ।
শেষ দিকে এসে কিছুটা উপরে উঠে খেলার চেষ্টা করতে থাকে বাংলাদেশ। বল পায়ে রাখার দিকে মনোযোগী ছিলেন হৃদয়-রফিকুলরা। স্নায়ুর লাগাম শুরুতে মুঠো থেকে বেরিয়ে গেলেও পরে আর খেই হারাননি জিকো। শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে দুর্বল আক্রমণগুলো অনায়াসে আটকে দলকে জয়ের পথে রাখেন এই গোলরক্ষক।
জয়ের আনন্দ শেষ দিকে কিছুটা মলিন হয় ডিফেন্ডার কাজী তারিক রায়হান দ্বিতীয় হলুদ কার্ড দেখায়।
সাফের আত্মবিশ্বাস পেল বাংলাদেশ
পাসগুলো হয়নি নিখুঁত। আক্রমণগুলোও ছিল না যথেষ্ঠ ধারাল। তবে পরিসংখ্যানের পাতায় কম্বোডিয়ার বিপক্ষে আধিপত্য ধরে রাখার পাশাপাশি সাফের মূল লড়াইয়ের জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করে নিল বাংলাদেশ।
কম্বোডিয়ার বিপক্ষে আগের পাঁচ ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশের জয় ছিল চারটি, ড্র একটি। গত বছর সেপ্টেম্বরে সবশেষ মুখোমুখি হয়েছিল দুই দল। রাকিব হোসেনের একমাত্র গোলে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ।
সাফের প্রস্তুতির জন্য কম্বোডিয়া সফরে গত সোমবার স্থানীয় দল টিফফি আর্মির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সোহেল রানার একমাত্র গোলে জিতেছিল দল। কম্বোডিয়া থেকে টানা দুই জয় পাওয়ার তৃপ্তি নিয়ে বেঙ্গালুর পথে উড়াল দিবে বাংলাদেশ।
আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা। এবারের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে লেবানন, মালদ্বীপ ও ভূটান।
