হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ে শুরু চট্টগ্রামের
পাঁচ গোলের ম্যাচে জয়ে শুরু পেয়েছে একমি চট্টগ্রাম।
রকমারি আলোয় সাজল মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। উদ্বোধনী অনুষ্ঠানকে বাড়তি মাত্রা দিল অ্যাভাটার সিনেমার বেশে সেজে আসা শিল্পীদের নাচ। এরপর শুরু হলো হকিস্টিকের লড়াই। সেখানেও রোমাঞ্চকর ম্যাচ উপহার দিল একমি চট্টগ্রাম ও সাইফ পাওয়ার গ্রুপ খুলনা।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিনে শুক্রবার খুলনাকে ৩-২ গোলে হারায় চট্টগ্রাম।
দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে মেলে প্রথম গোলের দেখা। ২৬তম মিনিটে পেনাল্টি কর্নারে ফ্লোরিয়ান এলভিসের পুশে রেজাউল করিম বাবুর স্টপের পর দেভিন্দার বালমিকির হিট ঠিকানা খুঁজে পায়। ৩৩তম মিনিটে পিসি থেকেই খুলনাকে সমতায় ফেরান তানজিম আহমেদ।
৩৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ফ্লোরিয়ানের পুশে বালমিকির ড্র্যাগ ফ্লিকে আবারও এগিয়ে যায় চট্টগ্রাম। ৫১তম মিনিটে ফ্লোরিয়ান ফ্লিকে জয়ের পথে এগিয়ে যায় চট্টগ্রাম। ম্যাচে এটাই প্রথম ফিল্ড গোল।
শেষ বাঁশি বাজার এক মিনিট আগে পিসি থেকে লক্ষ্যভেদ করেন খোরশেদুর রহমান। তবে গোলটি কেবল খুলনার হারের ব্যবধানই কমায়।
কুমিল্লার জয়
উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে জিতেছে রূপায়ন সিটি কুমিল্লা। শেষ দিকে ম্যাচ জমিয়ে তুললেও ৩-২ গোলে হেরে যায় মোনার্ক পদ্মা।
তৃতীয় মিনিটেই ওবায়দুল হাসান জয় আলতো টোকায় লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় রূপায়ন। পাঁচ মিনিটে পর সোহানুর রহমান সবুজ রিভার্স হিটে ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয় কোয়ার্টারের ষষ্ঠ মিনিটে দুরূহ কোণ থেকে দারুণ হিটে ব্যবধান আরও বাড়ান পুস্কর ক্ষীসা মিমো।
শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নারের পর গোলমুখ থেকে ড্র্যাগ ফ্লিকে ব্যবধান কমান দক্ষিণ কোরিয়ার সি ও হিয়ং।
খেলার তিন মিনিট বাকি থাকতে একটু সময় নিয়ে কোনাকুনি হিটে ম্যাচ জমিয়ে তোলেন ও হিয়ং। কিন্তু শেষ রক্ষা হয়নি মোনার্ক পদ্মার।
