১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের গ্রুপে বাংলাদেশ

‘সি’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের সাথে আছে হংকং ও সিঙ্গাপুর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2024, 01:46 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের। এই দুই দলের সাথে ‘সি’ গ্রুপে আছে হংকং ও সিঙ্গাপুর।

২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ড্র মালয়েশিয়ার কুয়ালা লামপুরে অনুষ্ঠিত হয় সোমবার। সবশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে অনুযায়ী পট-ফোর-এ জায়গা হয় বাংলাদেশের। 

‘সি’ গ্রুপের চার দলের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ, ১৮৫তম। এই গ্রুপের শীর্ষ দল ভারত, ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৩৭তম; বাকি দুই দল হংকং (১৫৬তম) ও সিঙ্গাপুর (১৬১তম) র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে।

মুখোমুখি পরিসংখ্যানে ভারত অনেক অনেক এগিয়ে থাকলেও দুই দলের সবশেষ দেখার স্মৃতি বাংলাদেশের জন্য আনন্দেরই। ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপের দেখায় ভারতকে ১-১ ড্রয়ে রুখে দিয়েছিল বাংলাদেশ।

এই গ্রুপের চার দলের মধ্যে ২০২৩ সালের এশিয়ান কাপে খেলেছিল ভারত ও হংকং। দুটি দলই বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।

২৪ দল ছয় গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে বাছাইয়ের ম্যাচগুলো। আগামী মার্চে শুরু হওয়ার কথা তৃতীয় রাউন্ড।

গ্রুপ-এ: তাজিকিস্তান, ফিলিপিন্স, মালদ্বীপ, তিমুর লেসতে।

গ্রুপ-বি: লেবানন, ইয়েমেন, ভুটান, ব্রুনাই দারুসসালাম।

গ্রুপ-সি: ভারত, হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ।

গ্রুপ-ডি: থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা।

গ্রুপ-ই: সিরিয়া, আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান। 

গ্রুপ-এফ: ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, লাওস।