বিশ্বকাপের ৭২ দিন আগে কোচ ছাঁটাই করল ঘানা
টানা ব্যর্থতার দায় মাথায় নিয়ে চাকরি হারাতে হলো ঘানার গত দুই বছরের কোচ অটো আডোকে।
বাছাইপর্বের বাধা ঠিকঠাক উতরালেও, বিশ্বকাপের আগে যেন নিজেদের হারিয়ে ফেলেছে ঘানা। একের পর এক ম্যাচ হেরে চলেছে দলটি। সেই দায় মাথায় নিয়ে চাকরি হারাতে হলো ঘানার গত দুই বছরের কোচ অটো আডোকে।
যুক্তরাষ্ট, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আসছে বিশ্বকাপটি শুরু হবে আগামী ১১ জুন। এর প্রস্তুতিপর্বে চলতি আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলে একটিও জিততে পারেনি তারা। হেরেছিল গত নভেম্বরের দুটি ম্যাচেও।
সবশেষ সোমবার রাতে, জার্মানির বিপক্ষে বেশিরভাগ সময় কোণঠাসা থেকেও অবশ্য একবার সমতায় ফেরে ঘানা। তবে শেষ দিকে আবার গোল হজম করে ২-১ ব্যবধানে হেরে বসে দলটি, যা তাদের টানা চতুর্থ পরাজয়।
স্টুটগার্টের ওই ম্যাচের কয়েক ঘণ্টা পরই আডোকে বহিষ্কার করার ঘোষণা দেয় ঘানার ফুটবল অ্যাসোসিয়েশন।
সাবেক বরুশিয়া ডর্টমুন্ডের ফুটবলার অটো আডো ২০২৪ সালের মার্চে ঘানার দায়িত্ব পান। তার কোচিংয়ে আফ্রিকান কাপ অব নেশন্স-২০২৫ এ উঠতে ব্যর্থ হয় দলটি।
বিশ্বকাপ বাছাইপর্বে অবশ্য প্রত্যাশিত সাফল্য পেয়েই তারা জায়গা করে নেয় মূল পর্বে।
আডোর কোচিংয়ে ২২ ম্যাচ খেলে আটটিতে জিততে পেরেছে ঘানা, হেরেছে ৯টি।
পঞ্চমবারের মতো এবার বিশ্বকাপে খেলবে ঘানা। ‘এল’ গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ হলো ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও পানামা।
