ফের্নান্দেসের 'শীর্ষ পর্যায়ের' পারফরম্যান্সে মুগ্ধ টেন হাগ
ম্যানচেস্টার ইউনাইটেড কোচের মতে, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে অধিনায়ক ব্রুনো ফের্নান্দেসই ব্যবধান গড়ে দিয়েছেন।
ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে দুই গোল হজম করায় ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে জাগে টানা দ্বিতীয় হারের শঙ্কা। তবে নটিংহ্যাম ফরেস্টের চ্যালেঞ্জ সামলে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প রচনা করে ইউনাইটেড। একটি করে গোল করে ও করিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন ব্রুনো ফের্নান্দেস। অধিনায়কের এমন নজরকাড়া পারফরম্যান্সে খুব খুশি কোচ এরিক টেন হাগ।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে ৩-২ গোলে জেতে ইউনাইটেড। স্বাগতিকদের অন্য দুই গোলদাতা মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেন ও কাসেমিরো।
ওল্ড ট্র্যাফোর্ডকে স্তব্ধ করে দিয়ে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় নটিংহ্যাম। দুই মিনিট পর স্কোরলাইন হয়ে যায় ২-০!
সপ্তদশ মিনিটে একটি গোল শোধ করেন এরিকসেন। আর বিরতির পর ফের্নান্দেসের হেড পাস থেকে কাসেমিরো জালে বল পাঠালে সমতায় ফেরে ইউনাইটেড। এরপর ৭৬তম মিনিটে ফের্নান্দেসের সফল স্পট কিকে মৌসুমে দ্বিতীয় জয় পায় দলটি।
এতদিন ইউনাইটেডের অধিনায়ক ছিলেন হ্যারি ম্যাগুইয়ার। চলতি মৌসুমেই তাকে সরিয়ে ফের্নান্দেসের কাঁধে নেতৃত্বভার তুলে দেন কোচ। কোচের এই সিদ্ধান্ত অনেকের পছন্দ হয়নি। ‘আবেগপ্রবণ’ ফের্নান্দেস নেতৃত্বের জন্য ভালো পছন্দ নয় বলে মত তাদের। এই ম্যাচের আগে সমালোচকদের পাত্তা না দিয়ে নতুন অধিনায়কের নেতৃত্বগুণের ওপর আস্থা রাখেন কোচ।
আর এবার ম্যাচ জুড়ে দারুণ খেলে এবং দলকে জিতিয়ে কোচের মন জয় করে নিলেন ফের্নান্দেস। ম্যাচের পর টেন হাগ বলেন, দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছেন এই ২৮ বছর বয়সী ফুটবলার। একই সঙ্গে তার কথায় মিশে রইল সমালোচকদের প্রতি পাল্টা জবাবও।
“সব দিক মিলিয়ে সে শীর্ষ পর্যায়ের পারফরম্যান্সে খুব ভালো একটি ম্যাচ খেলেছে। সে আবেগকে নিয়ন্ত্রণে রেখে শান্ত ছিল। আক্রমণে সে দুর্দান্ত ছিল এবং পার্থক্য গড়ে দেয়। তার পারফরম্যান্সে আমি খুব খুশি।”
