২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সতীর্থদের লিগ জয়ের আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন তুললেন ফন ডাইক

এভারটন ম্যাচে হারের পর সতীর্থদের আয়নায় নিজেদের দেখতে বললেন ক্ষুব্ধ, হতাশ লিভারপুল অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2024, 04:41 PM

Updated : 25 Apr 2024, 04:41 PM

এভারটনের বিপক্ষে ভরাডুবির পর ক্ষমা চেয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। বলেছেন দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোসের কথা। অধিনায়ক ভার্জিল ফন ডাইক হলেন আরও কঠোর। সতীর্থদের লিগ শিরোপা জয়ের আকাঙ্ক্ষা, নিবেদন নিয়েই তিনি প্রশ্ন তুললেন ক্ষোভ, কটাক্ষের সুরে! 

গুডিসন পার্কে ২-০ গোলে হারের পর ফন ডাইক সতীর্থদের বললেন আয়নায় নিজেদের দেখতে। সেখানে প্রিমিয়ার লিগ জয়ের আকাঙ্ক্ষার তীব্রতা, নিজেদের মেলে ধরার তাড়না কতটুকু ছিল, তা বললেন বিচার করতে। 

লিভারপুল কোচ ও অধিনায়কের এমন রাগ, ক্ষোভ, হতাশা, ক্ষমা প্রার্থনার কারণ লিগের মুকুট ফিরে পাওয়ার সম্ভাবনায় জোর ধাক্কা লাগা। এ মুহূর্তে লিগ টেবিলে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি; পেপ গুয়ার্দিওলার দল কম খেলেছে দুই ম্যাচ। 

হাতে যদিও এখনও চার ম্যাচ আছে লিভারপুলের, কিন্তু সবশেষ তিন লিগ ম্যাচের দুই হারে সবকিছু এখন আর তাদের হাতে নেই পুরোপুরি। ফুলহ্যামের বিপক্ষে জয়ের আগের ম্যাচেই তারা নিজেদের মাঠে হেরেছিল ক্রিস্টাল প্যালেসের কাছে। মৌসুমের শেষদিকে এসে দলের এমন দিশাহীন পারফরম্যান্সে ক্ষোভ আড়াল করলেন না ফন ডাইক। 

“আসলেই কী তারা (আমার সতীর্থরা) লিগ জিততে চায়?” 

দুই অর্ধে একটি করে গোল করে জয় তুলে নেয় এভারটন, তাদের মাঠে ২০১০ সালের পর যা লিভারপুলের প্রথম হার। এই হারে আর্সেনালের সমান পয়েন্টের সুযোগ হাতছাড়া করেছে দলটি। একই পরিস্থিতি ছিল দশ দিন আগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে; সেসময়ও ১-০ গোলে হেরে যায় তারা। এমন মহাগুরুত্বপূর্ণ সময়ে এসে সতীর্থদের বারবার খেই হারিয়ে খাবি খাওয়া মেনে নিতে পারছেন না ফন ডাইক। 

“সব মিলিয়ে এভাবে খেললে, কোনো চ্যালেঞ্জে জিততে না পারলে এবং রেফারিকে ফ্রি কিকের বাঁশি বাজানোর সুযোগ দিলে, আমাদের শিরোপা জয়ের কোনো সুযোগ থাকবে না।” 

“অনেক দিক থেকেই আমি খুব হতাশ। সবাইকে আয়নায় তাকাতে হবে এবং নিজেদের পারফরম্যান্স দেখতে হবে; ভাবতে হবে, তারা কি সবটুকু নিংড়ে দিয়েছিল কিনা।” 

দারুণ এই জয়ের পরও লিগ টেবিলে ৩৩ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে এভারটন। অবনমন অঞ্চলের আশপাশে ঘুরপাক খাওয়া দলের বিপক্ষে এভাবে ভুগলে শিরোপার আশা নেই, স্পষ্টই জানিয়ে দিলেন ফন ডাইক। 

“এটা ভীষণ কঠিন একটা বিষয় (মেনে নেওয়া) এবং অবশ্যই অনবমন অঞ্চলের কাছাকাছি থাকা দলের বিপক্ষে আমাদের আরও ভালো করা উচিত। আজ যেভাবে খেললাম, যদি এভাবেই খেলতে থাকি, শিরোপা দৌড়ে নিজেদের বিবেচনা করার কোনো সুযোগ নেই।” 

লিগে পরের রাউন্ডে ওয়েস্ট হ্যামের বিপক্ষে খেলবে লিভারপুল।