১৯ বছরের পথচলার ইতি টানলেন বোনুচ্চি
পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইউভেন্তুসের সাবেক এই ইতালিয়ান ডিফেন্ডার।
নিজের প্রজন্মের সেরা ডিফেন্ডারদের একজন হিসেবে বিবেচিত লিওনার্দো বোনুচ্চি বুট জোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন। ১৯ বছরের পথলার ইতি টেনে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন ইউভেন্তুসের এই ইতালিয়ান গ্রেট।
সামাজিক মাধ্যম এক্স-এ ভিডিও বার্তায় বুধবার অবসরের ঘোষণা দেন ৩৭ বছর বয়সী বোনুচ্চি।
“ছেলেবেলায় এমন কিছুর স্বপ্নই দেখেছিলাম। নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বড় কিছু অর্জনের, বড় কিছু উদযাপনের, কঠিন সময়গুলো সাহসের সঙ্গে অতিক্রম করার। একজন বাবা, একজন সতীর্থ, একজন স্বামী, একজন খেলোয়াড়, সবকিছু পেরিয়ে আজকের এই আমি হয়ে উঠেছি।”
বোনুচ্চির পেশাদার ক্যারিয়ার শুরু ২০০৫ সালে। ইউভেন্তুস, ইন্টার মিলান, এসি মিলান- ইতালির শীর্ষ তিন ক্লাবেই খেলেছেন তিনি। তবে নিজেকে কিংবদন্তিদের পর্যায়ে নিয়ে গেছেন ইউভেন্তুসের জার্সিতে।
তুরিনের ক্লাবটিতে দুই মেয়াদে ১২টি মৌসুম কাটিয়েছেন তিনি। জিতেছেন আটটি সেরি আ, চারটি ইতালিয়ান কাপ, পাঁচটি ইতালিয়ান সুপার কাপ শিরোপা। দলটির জার্সিতে খেলেছেন ৫০২ ম্যাচ।
ইউভেন্তুস ছেড়ে গত বছরের সেপ্টেম্বরে জার্মান দল ইউনিয়ন বার্লিনে নাম লেখান বোনুচ্চি। গত জানুয়ারিতে যোগ দেন ফেনেরবাচে। সেটিই হয়ে থাকল তার শেষ ক্লাব।
ইতালির হয়ে তিনি খেলেছেন ১২১ ম্যাচ। ছিলেন ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের অংশ। গত দুটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় ইতালি।
তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও খেলেছেন বোনুচ্চি। ২০২১ সালে অনুষ্ঠিত সবশেষ আসরে জিতেছেন শিরোপা। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে গোল করে এই সেন্টার-ব্যাকই জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার।
