২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া গোল করে দলকে জিতিয়ে রোনালদো বললেন, ‘ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবি না’

রিয়াদ ডার্বিতে আল-হিলালকে হারাল আল-নাস্‌র, হাজার গোলের লক্ষ্য পূরণের দিকে আরেকটু এগিয়ে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো।

জোড়া গোল করে দলকে জিতিয়ে রোনালদো বললেন, ‘ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবি না’
ম্যাচের শুরুর এই হাসি আরও চওড়া হয়েছে ম্যাচ শেষে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2025, 09:26 AM

Updated : 26 Aug 2026, 12:26 PM

সময়ের হিসেবে প্রায় এক বছর আট মাস। ম্যাচের হিসাবে সাতটি লড়াই। এত দীর্ঘ সময় রিয়াদ ডার্বিতে জয়ের স্বাদ পাচ্ছিল না আল-নাস্‌র। সৌদি আরবের ফুটবলের আকর্ষণীয় লড়াইয়ে অবশেষে আল-হিলালকে হারাতে পারল তারা। সেই খরা কাটল দলের সবচেয়ে বড় তারকার সৌজন্যেই। জোড়া গোল করে জয়ের নায়ক ক্রিস্তিয়ানো রোনালদো।

সৌদি প্রো লিগের ম্যাচে শুক্রবার আল-হিলালের মাঠে ৩-১ গোলের দারুণ এক জয় পায় আল-নাস্‌র। 

প্রথমার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও গোল হচ্ছিল না। ৪৫ মিনিট শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এগিয়ে যায় আল-নাস্‌র। বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে গোল করেন মিডফিল্ডার আলি আল-হাসান। 

দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের ভেতর সাদিও মানের পাস থেকে চকিতে বাঁ পায়ের শটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান রোনালদো।

প্রতি-আক্রমণে এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে আল-হিলাল। ৬২তম মিনিটে একটি গোল ফিরিয়ে দেয় তারা। কিন্তু ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল-নাস্‌রের জয় নিশ্চিত করেন রোনালদো। 

এই দুই গোলে সৌদি প্রো লিগে পর্তুগিজ মহাতারকার গোল হলো ৭০টি। হাজার গোলের লক্ষ্য পূরণের দিকেও তিনি এগিয়ে গেলেন দুই ধাপ। তার ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৩১টি। 

চেনা উদযাপন। ছবি: রয়টার্স।

চেনা উদযাপন

ম্যাচ শেষে অবশ্য ৪০ বছর বয়সী তারকা বলছেন, তার কাছে দলের জয়ই সবকিছুর ওপরে।

“এই জয়ের পেছনে বড় ভূমিকা ছিল দলীয় প্রচেষ্টার। আমার গোল করা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, তবে আরও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়।”

“সৌদি প্রো লিগে ও (এএফসি) চ্যাম্পিয়ন্স লিগে দলকে সহায়তা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমি, ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবি না।”

দুই দলের আগের সাতটি লড়াইয়ে আল-হিলালের জয় ছিল চারটি, ড্র হয়েছিল তিনটি। 

এই জয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে আল-নাস্‌র। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের, তিন পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল–হিলাল। ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ।