২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ামিতে বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ আয়োজনের বিরোধিতা রেয়াল মাদ্রিদের

লা লিগার এই পদক্ষেপ বন্ধ করার জন্য ফিফা ও উয়েফার কাছে আহ্বান জানিয়েছে ইউরোপের সফলতম ক্লাবটি।

মায়ামিতে বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ আয়োজনের বিরোধিতা রেয়াল মাদ্রিদের
স্পেনের বাইরে লা লিগার ম্যাচ আয়োজনের পরিকল্পনা মানতে পারছে না রেয়াল মাদ্রিদ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 11:52 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

বার্সেলোনা ও ভিয়ারিয়ালের লা লিগার ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে রেয়াল মাদ্রিদ। ইউরোপের সফলতম ক্লাবটির মতে, প্রস্তাবটি ফুটবলের ভারসাম্য নষ্ট করতে পারে। তাই এই পদক্ষেপ বন্ধ করার জন্য জন্য ফিফা ও উয়েফার কাছে আহ্বান জানিয়েছে তারা। 

বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচটি আগামী ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আয়োজনের অনুমোদন সোমবার দেয় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। ফিফার চূড়ান্ত অনুমোদন মিললে বিদেশের মাটিতে ইউরোপের বড় লিগগুলোর প্রথম ম্যাচ হবে এটি।

পরদিনই পরিকল্পনাটির বিরোধিতা করে বিবৃতি দিল রেয়াল মাদ্রিদ। তাদের মতে, এই প্রস্তাবটি ম্যাচের সঙ্গে সম্পৃক্ত দলগুলোকে ‘অন্যায্য ক্রীড়া সুবিধা দেবে’ এবং ‘একটি অগ্রহণযোগ্য নজির স্থাপন করবে।’

“রেয়াল মাদ্রিদ তার সদস্য, সমর্থক ও সামগ্রিকভাবে ফুটবল সমর্থকদের কাছে এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার কথা জানাতে চায়।”

‘প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলোকে অবহিত বা পরামর্শ না করে’ আরএফইএফ এই সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছে রেয়াল। মায়ামিতে ম্যাচ আয়োজন ‘হোম-অ্যাওয়ে লিগ ফরম্যাটে আঞ্চলিক পারস্পরিকতার মূল নীতি লঙ্ঘন করবে’ বলেও মনে করছে মাদ্রিদের ক্লাবটি। 

লিগের ম্যাচ যুক্তরাষ্ট্রে নেওয়ার চেষ্টা কয়েক বছর ধরেই করে আসছে লা লিগা। স্পেনের শীর্ষ লিগটির সভাপতি হাভিয়ের তেবাস এই স্বপ্নের কথা বলেছেন অনেকবারই।

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখনও উয়েফা, যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন, কনকাকাফ ও সবশেষে ফিফার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

বার্সেলোনা-ভিয়ারিয়াল লা লিগার ম্যাচ মায়ামিতে আয়োজনের সবুজ সংকেত মিলল