২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা-ভিয়ারিয়াল লা লিগার ম্যাচ মায়ামিতে আয়োজনের সবুজ সংকেত মিলল

ফিফা চূড়ান্ত অনুমোদন দিলে বিদেশের মাটিতে ইউরোপের বড় লিগগুলোর প্রথম ম্যাচ হবে এটিই।

বার্সেলোনা-ভিয়ারিয়াল লা লিগার ম্যাচ মায়ামিতে আয়োজনের সবুজ সংকেত মিলল
মায়ামিতে লা লিগার ম্যাচ খেলতে দেখা যেতে পারে লামিনে ইয়ামালদের। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 10:37 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

আগামী ডিসেম্বরে ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার লা লিগার ম্যাচ হতে পারে বিদেশের মাটিতে। ম্যাচটি যুক্তরাষ্ট্রে আয়োজনের অনুমোদন দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। 

আরএফইএফ বোর্ড ম্যাচটি ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলার সবুজ সংকেত দিয়েছে সোমবার। প্রস্তাবটি এখন ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাতে পাঠানো হবে। এরপর ফিফার চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে।

চূড়ান্ত অনুমোদন মিললে বিদেশের মাটিতে ইউরোপের বড় লিগগুলোর প্রথম ম্যাচ হবে এটিই।

গত কয়েক বছরে ইতালিয়ান সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের ম্যাচগুলো বিদেশের মাটিতে হয়েছে।

এসি মিলান সেরি আয় কমোর বিপক্ষে তাদের ম্যাচ ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে খেলার পরিকল্পনা করেছে। কারণ মিলানের সান সিরো স্টেডিয়ামে এই ম্যাচটির সূচি সেখানে শীতকালীন অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সাংঘর্ষিক হবে।

যদিও মিলানের পরিকল্পনা এখনও ফিফা, উয়েফা, ফুটবল অস্ট্রেলিয়া ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে অনুমোদন পায়নি।

লিগের ম্যাচ যুক্তরাষ্ট্রে নেওয়ার চেষ্টা কয়েক বছর ধরেই করে আসছে লা লিগা। স্পেনের শীর্ষ লিগটির সভাপতি হাভিয়ের তেবাস এই স্বপ্নের কথা বলেছেন অনেকবারই।

২০১৮-১৯ মৌসুমে বার্সেলোনা ও জিরোনার ম্যাচ মায়ামিতে আয়োজনের পরিকল্পনা করেছিল লা লিগা। কিন্তু আরএফইএফ ও স্প্যানিশ ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (এএফই) বিরোধিতার পর সেই পরিকল্পনা ভেস্তে যায়।

২০১৯-২০ মৌসুমে ভিয়ারিয়াল-আতলেতিকো মাদ্রিদ ও গত বছর বার্সেলোনা-আতলেতিকো ম্যাচ যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রচেষ্টাও ব্যর্থ হয়। 

ফিফার আইনে আগে ঘরোয়া লিগের ম্যাচ বিদেশের মাটিতে আয়োজনের অনুমতি ছিল না। গত বছর সংশোধন করা হয় এই নিয়ম।