২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপের প্রতিকৃতি নিয়ে মজা করার পেছনের গল্প শোনালেন মার্তিনেস

বুয়েন্স এইরেসে বিশ্বকাপ ট্রফি নিয়ে উদযাপনের সেই বিতর্কিত মুহূর্ত নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2023, 03:33 PM

Updated : 11 Feb 2023, 03:33 PM

কিলিয়ান এমবাপেকে নিয়ে এমিলিয়ানো মার্তিনেসের মনোভাব কেমন? কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন গোলরক্ষক যা যা করেছেন, তাতে যে কারো উত্তর ইতিবাচক হওয়ার কথা নয়। নিজের বিতর্কিত সেইসব কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলেছেন মার্তিনেস। দাবি করেছেন, ইচ্ছাকৃত নয়, ঘটনাক্রমে হয়েছে ওই পুতুল কাণ্ড! 

গত ডিসেম্বরে লুসাইলের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর ওই ফাইনাল শেষে উদযাপনের নানা অঙ্গভঙ্গির কারণেও সমালোচিত হন মার্তিনেস। 

তার প্রথম বিতর্কিত উদযাপন বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার নিতে মঞ্চে এসে করা সেই আপত্তিকর ভঙ্গি। এরপর আলোচনায় আসে আর্জেন্টিনার ড্রেসিংরুমে এমবাপেকে নিয়ে ঠাট্টা করে গান গাওয়া। সবশেষ যোগ হয়, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের প্যারেডে ফরাসি তারকার প্রতিকৃতি নিয়ে মার্তিনেসের মজা করা। 

বিশ্বকাপ জুড়ে আলো ঝলমলে পারফরম্যান্সে সবার দৃষ্টি কেড়েছিলেন মার্তিনেস। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ছিলেন নায়ক। ফাইনালের অতিরিক্ত সময়ে কোলো মুয়ানির শট আটকে ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে। সেখানেও কিংসলে কোমানের শট আটকে আর্জেন্টিনার জয়ের নায়কদের একজন হয়ে ওঠেন তিনি। 

এরপরই উদযাপন নিয়ে সমালোচিত হতে থাকেন মার্তিনেস। ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জয়ের দৌড়ে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা এই আর্জেন্টাইন দেশের ক্রীড়া পত্রিকা ওলেকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন পেছনের অনেক ঘটনা। সেখানে উঠে এলো এমবাপেকে নিয়ে তার মজা করার প্রসঙ্গটি। 

“কাউকে আঘাত দেওয়ার জন্য আমি ওটা করিনি। ক্যারিয়ার জুড়ে আমি ফরাসিদের সঙ্গে বেড়ে উঠেছি এবং তাদের কারো সঙ্গে আমার একবিন্দু সমস্যাও হয়নি। আপনারা এ বিষয়ে (আর্সেনালে সাবেক সতীর্থ) অলিভিয়ে জিরুদের কাছে জিজ্ঞেস করতে পারেন, আমি কেমন মানুষ। আমি আসলেই ফরাসি সংস্কৃতি এবং তাদের মানসিকতা পছন্দ করি।” 

“(প্যারেডের সময়) আমাদের চলার পথে লোকজন অনেক পুতুল ছুঁড়ে মারছিল। ওই সময় শ’খানেক পুতুল তারা আমাদের দিকে ছুঁড়েছিল। ওই মুহূর্তে এমবাপের মুখাবয়বের একটা পুতুল আমার পায়ের কাছে পড়ল। আমি সেটা তুলে নিই, কেননা, ওটা দেখে বেশ মজা পেয়েছিলাম। দুই সেকেন্ডের জন্য আমি সেটা ধরে ছিলাম এবং এরপর ছুঁড়ে দিয়েছিলাম সমর্থকদের দিকে। ঘটনা হচ্ছে এই। এমবাপেকে নিয়ে আমি কিভাবে মজা করতে পারি?” 

বিশ্বকাপ জয়ের পর ড্রেসিং রুমে এমবাপেকে নিয়ে গান-বাজনা করার পেছনের কারণটাও জানালেন মার্তিনেস। সেরাদের নিয়ে প্রতিপক্ষরা এমন কিছু করে এবং বিষয়টি স্বাভাবিক বলেও মনে করেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। 

“লকার রুমের বিষয়টি কোনোভাবেই বাইরে আসা উচিত হয়নি। যখন ফরাসিরা ২০১৮ সালে আমাদের হারিয়েছিল, আমার মনে আছে, লিওনেল মেসিকে নিয়ে গান গাওয়া হয়েছিল। যদি একটা দল ব্রাজিলকে হারায়, তারা নেইমারকে নিয়ে গান করবে। এমবাপের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ইস্যু নেই। আমি তাকে ভীষণ শ্রদ্ধা করি। যদি আমরা তাকে নিয়ে বা নেইমারকে নিয়ে গান গেয়ে থাকি, তার কারণ হচ্ছে, তারা সেরা।”