আনচেলত্তির কাঠগড়ায় ভিনিসিউস-বেলিংহ্যামরা
কোপা দেল রের শেষ ষোল থেকে ছিটকে পড়ার পর খেলোয়াড়দের সমালোচনা করলেন রেয়াল মাদ্রিদ কোচ।
মাদ্রিদ ডার্বির উত্তাপে নিজেদের পরিকল্পনা যেন ভুলে গেলেন ভিনিসিউস-বেলিংহ্যামরা। যখন আরও শান্ত, স্থির থেকে খেলার প্রয়োজন ছিল, কার্লো আনচেলত্তি মনে করেন তখন অহেতুক বাড়তি কিছুর চেষ্টায় ছিল তার দল। হারের পেছনে তাই অপ্রয়োজনীয় চেষ্টার দায় দেখেন রেয়াল মাদ্রিদ কোচ।
ওয়ান্দা মেত্রোপলিতানোয় বৃহস্পতিবার কোপা দেল রের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪-২ গোলে হেরে রেয়াল। ২-২ সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষের পর অতিরিক্ত সময়ে অঁতোয়ান গ্রিজমান ও রদ্রিগো রিকেলমে গড়ে দেন ব্যবধান। শিরোপাধারীরা ছিটকে যায় শেষ ষোল থেকেই।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ভিনিসিউকে ছিটকে দিয়ে বল বের করে নিয়ে আতলেতিকোকে এগিয়ে নেন গ্রিজমান। পিছিয়ে পড়ার পরের মিনিটে জুড বেলিংহ্যাম আতলেতিকোর জালে বল জড়িয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে হয়নি গোল।
রেয়ালের আশা শেষ হয়ে যায় ১১৯তম মিনিটে। মেমফিস ডিপাইয়ের পাস ধরে লক্ষ্যভেদ করেন বদলি নামা রিকেলমে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় আনচেলত্তি নিজ দলের খেলার ধরনের সমালোচনা করেন।
“কখনও কখনও ম্যাচ যখন নিয়ন্ত্রণে থাকে, তখন জোর করে খেলার কোনো প্রয়োজন নেই। অসাধারণ মানসম্পন্ন তরুণ খেলোয়াড় আমাদের দলে রয়েছে, যারা এই চেষ্টা করে। ম্যাচে কিছু মুহূর্ত থাকে, যখন অহেতুক জোর করে খেলার কোনো দরকার নেই, (আমরা সেটাই করেছি)।”
কদিন আগে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতার পথে সেমি-ফাইনালে আতলেতিকোকে ৫-৩ গোলে উড়িয়ে দিয়েছিল রেয়াল। নগর প্রতিদ্বন্দ্বীদের বাধা এবার পার হতে পারল না তারা। টানা ২১ ম্যাচের অজেয়যাত্রাও থামল রেয়ালের। স্প্যানিশ সুপার কাপের ওই জয়ের প্রসঙ্গও পাড়লেন আনচেলত্তি।
“আমি মনে করি না আমাদের মতো সক্ষমতা আতলেতিকোর আছে, কেননা, কদিন আগেই ওদের হারিয়েছি আমরা।”
“যখন আমরা সমতায় ফিরলাম, আমাদের ম্যাচ নিয়ন্ত্রণে কমতি দেখা গেল এবং আমরা যথেষ্ট ঝুঁকি নেইনি। আমরা আরও বেশি কিছু করতে পারিনি। শেষ দিকে যখন ঝুঁকি নিলাম, হেরে গেলাম। জানি না, এভাবে ছিটকে যাওয়া ন্যয্য কিনা।”
