২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুগছে সিটি’, অ্যাস্টন ভিলার কাছে হেরে বললেন গুয়ার্দিওলা

গত মৌসুমে ট্রেবল জেতা ম্যানচেস্টার সিটিকে স্বরূপে দেখা যাচ্ছে না চলতি মৌসুমে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2023, 03:32 PM

Updated : 07 Dec 2023, 04:44 PM

টানা তিন ড্রয়ের পর এবার হেরেই গেল ম্যানচেস্টার সিটি। শিরোপা ধরে রাখার লড়াইয়ে পিছিয়ে পড়ল কিছুটা। বিবর্ণ ফুটবল খেলে অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের পর পেপ গুয়ার্দিওলা স্বীকার করলেন, ধুঁকছে তার দল। একই সঙ্গে দলকে কক্ষপথে ফেরানোর পথ বের করার প্রত্যয়ও জানালেন অভিজ্ঞ এই স্প্যানিশ কোচ।

ভিলা পার্কে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে হেরেছে সিটি। চলতি আসরে এটি তাদের তৃতীয় হার, এর সঙ্গে ড্র আছে তিনটি।

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় আছে সিটির ভোগান্তির ছাপ। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে সিটি। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা ৬ পয়েন্ট পিছিয়ে পড়েছে। ভিলা ম্যাচের পর অ্যামাজন প্রাইমে নিজের প্রতিক্রিয়ায় গুয়ার্দিওলা বললেন, প্রতিপক্ষের রক্ষণে গিয়ে ধুঁকছে তার দল।

“আমরা ভুগেছি, বিশেষ করে প্রথমার্ধে আর দ্বিতীয়ার্ধ ছিল সম্পূর্ণ অন্যরকম। সেরা দলই আজ জিতেছে। আমরা জানি আমরা কোন পর্যায়ের দল এবং কোচ হিসেবে ম্যাচ জেতার একটা পথ বের করতে হবে। আমরা এখন কিছুটা ভুগছি। আমি এখানে আছি ওদের সহায়তা করার জন্য।”

রদ্রি খেলেননি এমন চার ম্যাচেই চলতি মৌসুমে হেরেছে সিটি। এক ম্যাচের নিষেধাজ্ঞার জন্য ভিলার বিপক্ষে ছিলেন না স্প্যানিশ মিডফিল্ডার। তিনি খেলেছেন এমন সবশেষ ৪৩ ম্যাচে অপরাজিত ইংলিশ চ্যাম্পিয়নরা। তার প্রভাব ভালোভাবেই জানা গুয়ার্দিওলার।

“তাকে ছাড়াও আমাদের জয়ের একটা পথ বের করে নিতে হবে।”

ভিলার বিপক্ষে মাত্র দুটি শট নিতে পারে সিটি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গুয়ার্দিওলার কোচিংয়ে ৫৩৫ ম্যাচের মধ্যে যা কোনো দলের সর্বনিম্ন। একই সময়ে ভিলা গোলের জন্য ২২টি শট নেয়, যা গুয়ার্দিওলার কোনো দলের বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ।

২০১৭ সালের এপ্রিলের পর সিটি এই প্রথম প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে জয়শূন্য থাকল। ভিলার বিপক্ষে হারার আগে তারা ড্র করে চেলসি, লিভারপুল ও টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে।

জয়ে ফেরার লক্ষ্যে আগামী রোববার লুটন টাউনের মুখোমুখি হবে সিটি।