চেলসিতে সেঞ্চুরি করেই ‘আউট’ টুখেল
টুখেলের কোচিংয়ে ইংলিশ ক্লাবটির প্রথম ৫০ ম্যাচের পারফরম্যান্স ছিল দুর্দান্ত, দ্বিতীয় ৫০-এর চিত্র ঠিক উল্টো।
মৌসুমের শুরু থেকে দলের অধারাবাহিক পারফরম্যান্সে তৈরি হচ্ছিল চাপ। চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর শুরুর দিনে দিনামো জাগরেবের বিপক্ষে বাজে পারফরম্যান্সে চেলসির কর্মকর্তাদের ধৈর্যের বাধ যেন ভেঙে গেল। পরদিনই কোচ টমাস টুখেলকে ছাঁটাই করে দিল লন্ডনের ক্লাবটি।
চেলসির ওয়েবসাইটে বুধবার এক বিবৃতিতে টুখেলের সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা জানানো হয়।
মঙ্গলবার ক্রোয়েশিয়ার ক্লাব দিনামোর মাঠে গ্রুপ পর্বের ম্যাচটি ১-০ গোলে হেরে যায় চেলসি। ক্রীড়ার তথ্য-উপাত্ত রাখার প্রতিষ্ঠান অপটার মতে, চেলসির কোচ হিসেবে এটা ছিল টুখেলের শততম ম্যাচ।
পিএসজির চাকরি হারানোর মাসখানেকের মধ্যে ২০২০ সালের জানুয়ারিতে চেলসির দায়িত্ব নেন টুখেল। আগের মাসেই লিগ টেবিলের শীর্ষস্থান থেকে পতন হয়ে নামতে নামতে আটে গিয়ে দাঁড়িয়েছিল তারা। ওই সময়ের ধুঁকতে থাকা দলটি জার্মান এই কোচের হাত ধরে খুঁজে পায় সাফল্যের দেখা।
পরের চার মাসে তাদের পারফরম্যান্স ছিল বিস্ময় জাগানিয়া। টুখেলের হাত ধরে প্রথম চার ম্যাচ জয়সহ লিগে টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল চেলসি, দলটির নতুন কোচের হিসেবে যা রেকর্ড। শেষ পর্যন্ত তারা আসর শেষ করেছিল শীর্ষ চারে থেকে।
তাদের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে চমক জাগানো দিক ছিল চ্যাম্পিয়ন্স লিগে। সেমি-ফাইনাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়া দলটি ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে মেতে ওঠে দ্বিতীয়বার ইউরোপ সেরা হওয়ার উৎসবে।
ওই মৌসুমে এফএ কাপের ফাইনালেও উঠেছিল তারা, তবে হেরে যায় লেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে। সেই বছরের পরের অংশে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ ঘরে তোলে চেলসি।
গত মৌসুমের লিগে শুরুটা খারাপ ছিল না তাদের। তবে শেষভাগে ছন্দ হারিয়ে কিছুটা কঠিন অবস্থায় পড়েছিল দলটি। পরে লড়াই করে ঘুরে দাঁড়িয়ে তিন নম্বরে থেকে আসর শেষ করে তারা।
লিগ কাপ ও এফএ কাপ, গত মৌসুমে দুটিরই ফাইনালে ওঠে চেলসি। কিন্তু শেষ হাসি হাসতে পারেনি তারা কোনোটিতেই। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালে তারা হেরে যায় রিয়ালের কাছে।
উত্থান-পতনের ২০২১-২২ এর পর এ মৌসুমে চেলসি ধুঁকছে শুরু থেকেই। দলবদলে বাজারে দেদার খরচ করার পরও প্রিমিয়ার লিগে প্রথম ৬ রাউন্ডে মাত্র তিনটি জিততে পেরেছে তারা। হেরেছে দুটিতে, ড্র হয়েছে বাকিটি। এরপর দিনামোর মাঠে সবশেষ এই হার।
নতুন মালিকানায় ক্লাবটি গ্রীষ্মের দলবদলে আট নতুন খেলোয়াড় দলে টানে। এজন্য তাদের খরচ হয় প্রায় ২৫ কোটি ৫০ লাখ পাউন্ডের বেশি। এতে স্কোয়াডের শক্তি বাড়লেও দলের পারফরম্যান্সে যে তার প্রভাব পড়েনি, সেটা স্পষ্ট।
উল্টো গত এক মাসে কয়েকবার বাজে পারফরম্যান্সের দায় খেলোয়াড়দের দিয়ে প্রকাশ্যে তাদের কঠোর সমালোচনাও করেন টুখেল। এছাড়া মৌসুম শুরুর প্রথম মাসেই দুই দফায় আপত্তিকর আচরণের জন্য জরিমানার শাস্তিও পান তিনি।
তবে সাম্প্রতিক বিবর্ণ সময়ের পরও সেপ্টেম্বরের শুরুতেই বরখাস্ত হয়ে যাওয়া একটু বিস্ময়করই।
সব মিলিয়ে চেলসির টুখেল অধ্যায়কে যেন অনায়াসে দুই ভাগে ভাগ করা যায়; সফল আর ব্যর্থ। দলটির গোল খাওয়ার হিসাবেও তা ফুটে ওঠে। তার হাত ধরে প্রথম ৫০ ম্যাচে চেলসি হজম করে মোটে ২৪ গোল, সেখানে পরের ৫০ ম্যাচে ৫৩ গোল খেয়েছে দলটি।
১৮ মাসের অধ্যায়ে চেলসির পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় টুখেলকে ধন্যবাদ জানিয়েছে চেলসি কর্তৃপক্ষ। বিবৃতিতে আরও বলা হয়েছে, আপাতত অনুশীলন ও সামনের কয়েক ম্যাচের জন্য দলের দায়িত্বে থাকবেন চেলসির কোচিং স্টাফের অন্যরা। দ্রুত নতুন প্রধান কোচ নিয়োগ দিতে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানানো হয়েছে।
প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি।
