রিয়ালের সাবেক ফরোয়ার্ড ও প্রেসিডেন্ট আমারোর মৃত্যু
মাদ্রিদের দলটির হয়ে ৪৭১টি ম্যাচ খেলেছিলেন এই স্প্যানিয়ার্ড।
পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি জমালেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার ও অনারারি প্রেসিডেন্ট আমানসিও আমারো। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে মঙ্গলবার আমারোর মৃত্যুর খবরটি জানায় রিয়াল।
১৯৬২ সালে দেপোর্তিভো লা করুনা থেকে রিয়ালে যোগ দেন আমারো। ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে ৪৭১টি ম্যাচ খেলেন এই ফরোয়ার্ড, গোল করেন ১৫৫টি।
সাফল্যময় রিয়াল ক্যারিয়ারে ৯টি লা লিগা ও একটি ইউরোপিয়ান কাপ জেতেন আমারো। ১৯৬৪ সালে স্পেনের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পথে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ওই বছর ব্যালন দ'অরের লড়াইয়ে তৃতীয় হয়েছিলেন তিনি।
খেলোয়াড় হিসেবে অবসরের পর কোচিংয়ে যুক্ত হন আমারো। তার হাত ধরে ১৯৮৪ সালে রিয়ালের যুবদল কাস্তিয়া দ্বিতীয় বিভাগের শিরোপা জেতে।
গত বছর রিয়ালের কিংবদন্তি পাকো গেন্তোর মৃত্যুর পর অনারারি প্রেসিডেন্ট নির্বাচিত হন আমারো।
