২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির ‘দাঁত সাদা করছেন’ বেকহ্যাম

আর্জেন্টাইন তারকার একটি ম্যুরালে রং করায় কারুশিল্পীকে সাহায্য করেছেন ইন্টার মায়ামির মালিকদের একজন সাবেক এই ইংলিশ মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 06:24 PM

Updated : 10 Jul 2023, 06:23 PM

লিওনেল মেসিকে বরণ করে নিতে সম্ভাব্য সব প্রস্তুতি নিয়ে রাখছে তার নতুন ক্লাব ইন্টার মায়ামি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে স্বাগত জানাতে কাজে নেমে পড়েছেন ক্লাবটির মালিকদের একজন ডেভিড বেকহ্যামও। রেকর্ড সাতবারের ব্যালন দ’র জয়ীর বিশাল একটি ম্যুরালে তুলির আঁচর দিতে দেখা গেছে সাবেক এই ইংলিশ তারকা ফুটবলারকে।   

ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে মেসির ইন্টার মায়ামিতে যোগ দিতে যাওয়ার ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবলে শুরু হয়েছে অন্যরকম উন্মাদনা। আগামী রোববার বিশ্বকাপ জয়ী তারকাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে মেজর লিগ সকারের (এমএলএস) দলটি। 

বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, মেসির ম্যুরালে ক্রেনে চড়ে কারুশিল্পীর রং করার কাজ তদারকি করছেন বেকহ্যাম। মেসির দাঁতগুলোতে সাদা রং করছেন তারা। 

ভিক্টোরিয়া লিখেছেন, “এমন কোনো কাজ কী নেই, যা ডেভিড বেকহ্যাম পারে না? আমরা মাত্র কদিন হলো মায়ামিতে এসেছি। সে এসেই এই কাজে লেগে পড়েছে। যে লোকটিকে আমরা মেসির ম্যুরালের দাঁত সাদা রং করতে দেখছি, সেটা সে-ই (বেকহ্যাম)। মায়ামি থেকে ভালোবাসা।”