২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জার্মানির দরকার রেয়াল মাদ্রিদের মতো খুনে মানসিকতা’

কীভাবে গোল করতে হয় এবং ম্যাচ জিততে হয়, তা ইউরোপের সফলতম ক্লাবটির কাছ থেকে জার্মানি শিখতে পারে বলে মনে করেন দল দুটির ডিফেন্ডার আন্টোনিও রুডিগার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2024, 08:24 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

এক সময়ে বিশ্ব ফুটবলের দোর্দণ্ড প্রতাপশালী জার্মানির জীর্ণদশা চলছে অনেক দিন ধরে। আর কিছুদিন পর তাদের মাঠেই বসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। তার আগে দলের আরও বেশি ক্ষুরধার হওয়ার প্রয়োজনীয়তা দেখছেন আন্টোনিও রুডিগার। এজন্য তারা ইউরোপের সফলতম ক্লাব রেয়াল মাদ্রিদকে অনুসরণ করতে পারেন বলে মনে করছেন তিনি। এই ডিফেন্ডারের মতে, কীভাবে গোল করতে হয় এবং ম্যাচ জিততে হয়, তা সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের কাছ থেকে শিখতে পারে জার্মানি।

এই সপ্তাহে রেয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান রুডিগার। গত শনিবার ওয়েম্বলির ফাইনালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে মুকুট পুনরুদ্ধার করে স্প্যানিশ দলটি। ইউরোপ সেরার প্রতিযোগিতায় তাদের ১৫তম শিরোপা এটি। সাতটির বেশি নেই আর কারও। ১৯৯২ সালে ইউরোপিয়ান কাপ নাম বদলে চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর ৯ বার ফাইনালে খেলে একবারও রেয়াল হারেনি।  

জার্মানির প্রস্তুতি ক্যাম্পে বুধবার সংবাদ সম্মেলনে ৩১ বছর বয়সী রুডিগার বলেন, রেয়ালের থেকে অনেক কিছুই শেখার আছে জার্মানির।

“আমাদের (জার্মানি দলে) খুব ভালো একটি সিস্টেম রয়েছে, যা আমাদের খেলার সঙ্গে মানানসই, কিন্তু (রেয়াল) মাদ্রিদের থেকে আমরা যা নিতে পারি, তা হলো খুনে মানসিকতা।”

“ইউক্রেইনের বিপক্ষে আমাদের সবশেষ ম্যাচটি খুব ভালো ছিল। অনেক দিন ধরে আমাদের গোলশূন্য স্কোরলাইন দেখিনি, যা খুব ভালো ছিল। কিন্তু যে বিষয়টি ছিল না তা হলো গোল, আর এটাই মাদ্রিদের কাছ থেকে আমরা শিখতে পারি।”

নুরেমবার্গে গত সোমবার ইউক্রেইনের বিপক্ষে প্রীতি ম্যাচটিতে আক্রমণে একচেটিয়া আধিপত্য করে জার্মানি। গোলের জন্য ২৭টি শট নিয়েও জালের দেখা পায়নি তারা। কিছু সুবর্ণ সুযোগ তারা নষ্ট করে, একটি প্রচেষ্টা বাধা পায় পোস্টে। শেষ দিকে অল্পের জন্য তারা হজম করেনি গোল। 

চারবারের বিশ্বকাপ জয়ী জার্মানি সবশেষটি জেতে ২০১৪ সালে। দুই বছর পর তারা খেলে ইউরোর সেমি-ফাইনালে। এরপর থেকেই জার্মানদের পেছনের পানে হাঁটা শুরু। পরের দুই বিশ্বকাপে গ্রুপ পর্বেই শেষ হয় তাদের পথচলা। মাঝে ২০২০ ইউরোয় কোনোমতে তারা উঠতে পারে শেষ ষোলো পর্যন্ত।

টানা কয়েক বছরের হতাশাজনক পারফরম্যান্সের পর এই বছরের শুরুটা অবশ্য বেশ ভালো হয় জার্মানির। গত মার্চের দুই প্রীতি ম্যাচে ফ্রান্সকে ২-০ গোলে হারানোর পর নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলে জেতে ইউলিয়ান নাগেলসমানের দল। কিন্তু ইউক্রেইনের বিপক্ষে গোলশূন্য ড্র বেশ হতাশাজনকই বটে।

আগামী ১৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জার্মানির এবারের ইউরো যাত্রা। তার আগে শেষ প্রস্তুতি ম্যাচে শুক্রবার গ্রিসের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়ে টুর্নামেন্টের শুরুটা ভালো করতে চান রুডিগার। 

“আমাদের নিজেদের দেশে প্রত্যাশা অনেক বেশি। শুক্রবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ শেষ পরীক্ষা রয়েছে। আমাদের আত্মবিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচ। শেষ পরীক্ষায় আমাদের সমর্থকদের জাগিয়ে তোলা গুরুত্বপূর্ণ।”

“আমাদের বিনয়ী হতে হবে। অতীতের টুর্নামেন্টগুলোয় কী হয়েছে, তা আমরা সবাই জানি। এই টুর্নামেন্টে আসার পথে উত্থান-পতন ছিল। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথম ম্যাচে খুব ভালো খেলতে হবে এবং তারপর দেখতে হবে বাকি টুর্নামেন্টে কী হয়।”

ইউরোর তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি সবশেষ ট্রফির স্বাদ পায় ১৯৯৬ সালে। এবার ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।