০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

আনচেলত্তির ‘অবসরের কারণ' হতে চান না ভালভেরদে

চলতি মৌসুমে অন্তত ১০ গোল করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।

আনচেলত্তির ‘অবসরের কারণ' হতে চান না ভালভেরদে

ছবি : রিয়াল মাদ্রিদ টুইটার 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 05:55 PM

Updated : 20 Oct 2022, 05:58 PM

চ্যালেঞ্জটা দিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। তা মনে গেঁথে নিয়েছিলেন ফেদে ভালভেরদেও। তাই তো রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে নিজের প্রথম ১৪৮ ম্যাচে ছয় গোল করা ভালভেরদেই সবশেষ ১৫ ম্যাচে করে ফেলেছেন আরও ছয় গোল! সাম্প্রতিক সময়ে আমুল বদলে যাওয়ার পেছনের গল্পটা শোনালেন এই মিডফিল্ডার।

মৌসুমের শুরুতে আনচেলত্তি বলেছিলেন যে, তিনি ভালভেরদেকে চ্যালেঞ্জ দিয়েছেন ২০২২-২৩ মৌসুমে ১০ গোল করার। সেটা ২৪ বছর বয়সী এই ফুটবলার না করতে পারলে কোচিং থেকেই অবসরে চলে যাবেন এই ইতালিয়ান।

কোচের দেওয়া সেই চ্যালেঞ্জ যেন গোলমুখে নতুন রুপ দিয়েছে ভালভেরদেকে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে এরই মধ্যে জালের দেখা পেয়েছেন ছয়বার। আনচেলত্তির ‘অবসর’ আটকাতে আর চার গোল দরকার ভালভেরদের!

লা লিগায় গত বুধবার এলচের বিপক্ষে রিয়ালের ৩-০ গোলে জেতা ম্যাচেও জালের দেখা পেয়েছেন ভালভেরদে। ১১তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের শটে বল প্রতিপক্ষের একজনের গায়ে লেগে চলে যায় বক্সের বাইরে তার পায়ে। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়েই জোরাল শটে গোল করেন তিনি।

ম্যাচের পর ডিএজেডএন-এর সঙ্গে আলাপচারিতায় ভালভেরদে বলেন, আনচেলত্তিকে ডাগআউটে ধরে রাখতে লক্ষ্য স্পর্শ করতে চান তিনি।

“আমি এটা (১০ গোল) করার দিকে মনোযোগ দিচ্ছি। এটা একটা দারুণ চাপ। আমি কোচের অবসর নেওয়ার জন্য দায়ী হতে চাই না।”

শিষ্যকে প্রশংসায় ভাসিয়ে ডিএজেডএন-কে আনচেলত্তি বলেন, তার বিশ্বাস এবার দশ গোলের বেশি করবেন ভালভেরদে।

“ওকে এই দায়িত্বটা নিতেই হবে। আমাদের মধ্যে একটা বাজি আছে, আমি মনে করি এই সে মৌসুমে দশটির বেশি গোল করবে।”

“সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার প্রাণশক্তি অবিশ্বাস্য। তাকে দশ গোল করতেই হবে।"

লিগে ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে।