কেইনকে নিয়ে বায়ার্নের প্রস্তাবে রাজি টটেনহ্যাম, খবর গণমাধ্যমের
ইংলিশ ফরোয়ার্ডের ট্রান্সফার ফি হতে পারে ১০ কোটি ইউরোর বেশি।
হ্যারি কেইনের সম্ভাব্য দলবদল নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে টটেনহ্যাম হটস্পার ও বায়ার্ন মিউনিখের। অবশেষে ইংলিশ ফরোয়ার্ডকে নিয়ে দুই ক্লাব সমঝোতায় পৌঁছেছে বলে খবর এসেছে ব্রিটিশ ও জার্মান সংবাদমাধ্যমে।
চলতি গ্রীষ্মের দলবদলে কেইনকে দলে টানার জন্য জোরেশোরে চেষ্টা চালাচ্ছে বায়ার্ন। এর আগে কয়েক দফা প্রস্তাব দিয়ে জার্মান চ্যাম্পিয়নরা ব্যর্থ হয় বলে খবর আসে গণমাধ্যমে।
সবশেষ বৃহস্পতিবার এলো বায়ার্নের প্রস্তাবে টটেনহ্যামের রাজি হওয়ার খবর। গণমাধ্যমের খবর অনুযায়ী, ট্রান্সফার ফি হতে পারে ১০ কোটি ইউরোর বেশি।
দুই পক্ষের সমঝোতায় পৌঁছার ব্যাপারে মন্তব্যের জন্য বায়ার্নের সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স, তবে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা কোনো মন্তব্য করেনি।
শেষ পর্যন্ত কেইন যদি বায়ার্নে যোগ দেন, তাহলে তিনিই হবেন বুন্ডেসলিগার ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়।
গত গ্রীষ্মে বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় যোগ দেন তারকা স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি। তাকে ছাড়াই টানা ১১তম বুন্ডেসলিগা শিরোপা জিতলেও এজন্য শেষ রাউন্ড পর্যন্ত লড়তে হয় তাদের। নতুন মৌসুমে ঘরোয়ার পাশাপাশি ইউরোপীয় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ জানাতে আক্রমণে শক্তি বাড়াতে চায় বায়ার্ন।
টটেনহ্যামে কেইনের চুক্তির মেয়াদ বাকি আছে আরও এক বছর। ৪৩৫ ম্যাচে ২৮০ গোল করে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ স্কোরার তিনি। প্রিমিয়ার লিগে ৩২০ ম্যাচে তার গোল ২১৩টি। এখানে অ্যালান শিয়েরারের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে তার প্রয়োজন এখনও ৪৮টি।
আগামী শনিবার লাইপজিগের বিপক্ষে জার্মান সুপার কাপ দিয়ে বায়ার্ন তাদের ২০২৩-২৪ মৌসুম শুরু করবে। বুন্ডেসলিগায় টমাস টুখেলের দলের প্রথম ম্যাচ আগামী ১৮ অগাস্ট।
