বেনজেমার শূন্যতা পূরণে ভিনিসিউস-রদ্রিগোদের ওপর আস্থা কোর্তোয়ার
অভিজ্ঞ এই গোলরক্ষক মনে করেন, আক্রমণে শক্তি কম নেই তাদের।
করিম বেনজেমার মাপের একজন খেলোয়াড় চলে যাওয়া যে কোনো দলের জন্যই অপূরনীয় ক্ষতি। সৌদি আরবে পাড়ি জমানো এই ফরাসি তারকার ঘাটতি পূরনের পথ সতীর্থদের দেখালেন রেয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। দলের অন্য ফরোয়ার্ডরা সময়মতো এগিয়ে এলে এবং সম্মিলিতভাবে অবদান রাখলেই কেবল সেটা সম্ভব বলে মনে করেন তিনি।
গত কয়েক মৌসুমে রেয়ালের আক্রমণের মূল ভরসা ছিলেন বেনজেমা। ২০২১-২২ মৌসুমে ক্লাবটির লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার। দুর্দান্ত ওই পারফরম্যান্সে জেতেন প্রথম ব্যালন দ'অর খেতাব। সেই তুলনায় সবশেষ মৌসুমটা আশানুরূপ না হলেও, খুব একটা খারাপও কাটেনি অভিজ্ঞ এই ফরোয়ার্ডের।
জোর সম্ভাবনা ছিল, চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত রেয়ালেই থাকবেন বেনজেমা। তবে নাটকীয়ভাবে গত জুনে নাম লেখান সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে।
বেনজেমা চলে যাওয়ায় রেয়ালের আক্রমণে তৈরি হয়েছে বড় এক শূন্যতা। কারণ স্রেফ গোল করার জন্য নয়, আক্রমণ শাণানো ও সুযোগ তৈরিতেও দলে তার ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ।
চলতি গ্রীষ্মের দলবদলে ইউরোপের সফলতম ক্লাবটি দলে টেনেছে অভিজ্ঞ স্প্যানিশ ফরোয়ার্ড হোসেলুকে। এছাড়া কিলিয়ান এমবাপে, হ্যারি কেইনসহ কয়েকজনের ক্লাবটিতে যোগ দেওয়ার খবর এসেছে বিভিন্ন সময়ে।
কোর্তোয়া অবশ্য ভরসা রাখছেন বর্তমান স্কোয়াডের ওপরই। সম্প্রতি কানাডার টিএলএন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩১ বছর বয়সী বেলজিয়ান বলেন, বেনজেমা না থাকলেও আক্রমণে শক্তি কম নেই তাদের।
“করিম (বেনজেমা) চলে যাওয়ায় অন্যদের অবশ্যই একধাপ এগিয়ে আসতে হবে। আমাদের ভিনিসিউস (জুনিয়র), রদ্রিগো এবং এখন হোসেলুর মতো দুর্দান্ত ফরোয়ার্ড রয়েছে, যারা দলে ভিন্ন কিছু যোগ করে। পুরো ব্যাপারটি তো দলগত এবং আমাদের একসঙ্গে এর সমাধান করতে হবে।”
২০২৩-২৪ মৌসুমে রেয়ালের প্রথম ম্যাচ লা লিগায় আগামী ১২ অগাস্ট, প্রতিপক্ষ আথলেতিক বিলবাও।
