২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিনএজার ইয়ামালকে নিয়ে বর্ষসেরা একাদশে স্পেনের আধিপত্য

ক্লাব হিসেবে এখানে আধিপত্য রেয়াল মাদ্রিদের, দলটি থেকে আছেন পাঁচ জন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 12:55 AM

Updated : 26 Aug 2026, 11:09 AM

পেশাদার ফুটবলে পা রাখার পর থেকে ছুটে চলেছেন লামিনে ইয়ামাল। সেই যাত্রায় এবার তার মুকুটে যোগ হয়েছে আরেকটি পালক। ফিফার বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন তরুণ এই উইঙ্গার।

২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় মঙ্গলবার রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সেরা একাদশ ঘোষণা করা হয়।

জাতীয় দল হিসেবে একাদশে সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন স্পেনের খেলোয়াড়। ইয়ামাল ছাড়াও দলটির আছেন আরও দুজন-দানি কারভাহাল ও রদ্রি।

আর ক্লাব হিসেবে এখানে আধিপত্য রেয়াল মাদ্রিদের। দলটির পাঁচজন খেলোয়াড় আছেন তালিকায়; কারভাহাল ছাড়া আরও আছেন-আন্টোনিও রুডিগার, জুড বেলিংহ্যাম, গত মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানো টনি ক্রুস ও ভিনিসিউস জুনিয়র।

গোলরক্ষক হিসেবে আছেন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ী এমিলিয়ানো মার্তিনেস। ২০২২ সালের পর এবারও বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি।

এছাড়া আছেন গতবারের প্রিমিয়ার লিগ জয়ী ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াস ও আর্লি হলান্ড এবং আর্সেনালের উইলিয়াম সালিবা।

ফিফা বর্ষসেরা একাদশ:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা/আর্জেন্টিনা) 

ডিফেন্ডার: রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি/পর্তুগাল), দানি কারভাহাল (রেয়াল মাদ্রিদ/স্পেন), আন্টোনিও রুডিগার (রেয়াল মাদ্রিদ/জার্মানি), উইলিয়াম সালিবা (আর্সেনাল/ফ্রান্স)

মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (রেয়াল মাদ্রিদ/ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/স্পেন), টনি ক্রুস (রেয়াল মাদ্রিদ/জার্মানি)

ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি/নরওয়ে), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), ভিনিসিউস জুনিয়র (রেয়াল মাদ্রিদ/ব্রাজিল)

ফিফার মঞ্চেও বর্ষসেরা কোচ আনচেলত্তি

মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিউস