২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফার মঞ্চেও বর্ষসেরা কোচ আনচেলত্তি

মৌসুমজুড়ে চোটজর্জর দল নিয়েও রেয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগাসহ তিনটি শিরোপা জেতানোর স্বীকৃতি পেলেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।

ফিফার মঞ্চেও বর্ষসেরা কোচ আনচেলত্তি
ছবি: কার্লো আনচেলত্তির ইনস্টাগ্রাম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 11:55 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

মৌসুমে একের পর এক চোট ছোবল দিয়েছে, ম্যাচের পর ম্যাচ সেরা একাদশ সাজাতে ভুগতে হয়েছে; সব সমস্যা সামলে রেয়াল মাদ্রিদের দারুণ সব সাফল্য পাওয়ার পেছনের কারিগর ছিলেন কার্লো আনচেলত্তি। তারই স্বীকৃতিস্বরূপ ফিফার বর্ষসেরা কোচের পুরষ্কার পেলেন এই ইতালিয়ান। 

মঙ্গলবার রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে আনচেলত্তিকে বিজয়ী ঘোষণা করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন আরেক গ্রেট কোচ আর্সেন ভেঙ্গার।

২০২৩ সালের ২১ অগাস্ট থেকে ২০২৪ সালের ১০ অগাস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় সেরা হয়েছেন আনচেলত্তি। লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো লিওনেল স্কালোনি, স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী লুইস দে লা ফুয়েন্তে, বায়ার লেভারকুজেনকে প্রথমবারের মতো বুন্ডেসলিগার মুকুট পরানো শাবি আলোন্সো ও ম্যানচেস্টার সিটির ডাগআউটে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ জয়ী পেপ গুয়ার্দিওলাকে।

চোটের সমস্যা গত মৌসুমের শুরু থেকেই ঘিরে ধরে রেয়ালকে; একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারায় তারা। সেরা দল তাই বেশিরভাগ সময়ই মাঠে নামাতে পারেনি ক্লাবটি। তবে ক্ষুরধার কৌশলে পারফরম্যান্সে এর ছাপ পড়তে দেননি আনচেলত্তি।

২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলে রেয়াল। গত মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়নও হয় তারা; দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে মৌসুম শেষ করে ৯৫ পয়েন্ট নিয়ে। আর গত জানুয়ারিতে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে তারা।

রেয়ালের ডাগআউটে এমন অসাধারণ সব সাফল্যের জন্য গত ২৮ অক্টোবর ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর ব্যালন দ’র অনুষ্ঠানেও বর্ষসেরা কোচের পুরস্কার জিতে নেন ৬৫ বছর বয়সী এই কোচ।

মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিউস

টিনএজার ইয়ামালকে নিয়ে বর্ষসেরা একাদশে স্পেনের আধিপত্য