০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কাকে হারিয়ে চারে চার বাংলাদেশের

গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এএইচএফ কাপ হকির সেমি-ফাইনালে উঠল বাংলাদেশ।

শ্রীলঙ্কাকে হারিয়ে চারে চার বাংলাদেশের
শ্রীলঙ্কাকে সহজেই হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। ছবি: এশিয়ান হকি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2025, 06:08 PM

Updated : 26 Aug 2026, 12:34 PM

গ্রুপ সেরা হয়ে এএইচএফ কাপ হকির সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়েছিল আগেই, শ্রীলঙ্কা ম্যাচে তাই লক্ষ্য ছিল জয়রথে থেকে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেওয়ার। রক্ষণ জমাট রেখে খেলা লঙ্কানদের প্রতিরোধ তৃতীয় কোয়ার্টারে ভাঙতে পারল বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রত্যাশিত বড় জয়েই পূরণ করল লক্ষ্য।

ইন্দোনেশিয়ার জাকার্তায় বুধবার পুল ‘বি’-তে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে উঠল মামুনুর রশীদের দল।

প্রথম কোয়ার্টারে আশরাফুল-মিমোদের আক্রমণে ছিল না মরিয়া ভাব। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে ২০তম মিনিটে পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয় বাংলাদেশ; কিন্তু গোলরক্ষকের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন আশরাফুল ইসলাম। 

৩৯তম মিনিটে খোলে ম্যাচের ডেডলক। রাকিবুল হাসান নিখুঁত রিভার্স হিটে পরাস্ত করেন শ্রীলঙ্কা গোলরক্ষককে। এই গোলের রেশ থাকতেই ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন রাকিবুল। এরপর ৪৩তম মিনিটে প্রথম হিটে গোলরক্ষক আটকে দেওয়ার পর, ফিরতি হিটে ব্যবধান আরও বাড়ান ফজলে রাব্বী। 

চতুর্থ কোয়ার্টারে আরও দুই গোল করে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। ৪৯তম মিনিটে বাইলাইন থেকে মোহাম্মদ শুভর হিটের পর গোলমুখ থেকে নিখুঁত টোকায় আরশাদ হোসেন এবং পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে নাঈম উদ্দিন জালের দেখা পান।

ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার পুল ‘এ’র রানার্সআপের মুখোমুখি হবে বাংলাদেশ।