২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘৯০ মিনিট খেলতে প্রস্তুত পামার’

চেলসি কোচ এন্টসো মারেস্কার মতে, ৪৫ মিনিট, ৬০ মিনিট ও ৭০ মিনিটের ধাপ পেরিয়ে এসেছেন এই মিডফিল্ডার।

‘৯০ মিনিট খেলতে প্রস্তুত পামার’
চেলসির তারকা মিডফিল্ডার কোল পালমার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 09:27 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

চোটের সঙ্গে কয়েক মাসের লড়াইয়ের পর অবশেষে পুরো ম‍্যাচ খেলার জন‍্য প্রস্তুত কোল পামার। দারুণ ছন্দে থাকা অ‍্যাস্টন ভিলার বিপক্ষে এই মিডফিল্ডারকে ৯০ মিনিট খেলানোর আভাস দিলেন চেলসি কোচ এন্টসো মারেস্কা। 

আগামী শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ভিলার মুখোমুখি হবে চেলসি। ম‍্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পামারকে পুরো ম‍্যাচের জন‍্য পাওয়ার কথা বললেন দলটির কোচ।

কুঁচকি ও পায়ের আঙুলের চোটে কাটিয়ে মাঠে ফিরলেও পুরো ম‍্যাচ খেলার মতো অবস্থায় ছিলেন না পামার। মারেস্কা মনে করছেন, সাবধানে খেলানোর সময় পেরিয়ে এই ইংলিশ প্লেমেকার এখন পুরো ম‍্যাচের জন‍্য প্রস্তুত।

“আমার মনে হয়, সে (পামার) ৯০ মিনিট খেলার জন‍্য তৈরি। একজন খেলোয়াড়ের অগ্রগতি হলো ৪৫ (মিনিট), ১ ঘণ্টা, ৭০ (মিনিট)। সে এরই মধ‍্যে এভারটনের বিপক্ষে এক ঘণ্টা খেলেছে। নিউক‍্যাসলের বিপক্ষে ৭০ মিনিটের বেশি খেলেছে, আমি মনে করি এখানে অগগ্রতি হচ্ছে।”

ভিলার বিপক্ষে এস্তেভোঁ উইলিয়ান ও লিয়াম ডেল‍্যাপকে ফিরে পাচ্ছেন মারেস্কা। তবে ম‍্যাচের দিন ডাগ আউটে থাকা হচ্ছে না তার নিজেরই। মৌসুমে তৃতীয় হলুদ কার্ডের জন‍্য এক ম‍্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এই ইতালিয়ান কোচ।

“হ‍্যাঁ, প্রায় একশ ম‍্যাচে আমি তিনবার নিষিদ্ধ ছিলাম। একবার উদযাপনের জন‍্য, অন‍্য দুইবার হলুদ কার্ডের জন‍্য। তাই হ‍্যাঁ, দুর্ভাগ‍্যজনকভাবে আমাকে স্ট‍্যান্ডে থাকতে হবে। তবে উইলি (কাবাইয়েরো) সেখানে থাকবে, ড‍্যানি (ওয়াকার) থাকবে, কোচিং স্টাফরা থাকবে।”

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম‍্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ভিলা। প্রিমিয়ার লিগে তিনে থাকা দলটি এবং তাদের স্প‍্যানিশ কোচ উনাই এমেরির প্রশংসা করলেন মারেস্কা। 

“তারা কী করে, তারা কীভাবে খেলতে চায় সেটা খুব পরিষ্কার। তারা এই মুহূর্তে আত্মবিশ্বাসে পূর্ণ। একটা ফুটবল দলের জন‍্য যা খুব গুরুত্বপূর্ণ।”

১৭ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে ভিলা। সমান ম‍্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি।