ইউনাইটেডের বিপক্ষে বার্সার ‘দেখিয়ে দেওয়ার’ ম্যাচ
বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস মনে করেন, ইউরোপের শীর্ষ মানের দলগুলোর সঙ্গে সমানে সমান লড়ার সামর্থ্য আছে তার দলের।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেভাগে বিদায় নিয়ে বার্সেলোনাকে নেমে যেতে হয়েছে ইউরোপা লিগে। সেখানে শুরুতেই তাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। সামনে যে ছন্দে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। লড়াইটিকে নিজেদের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন শাভি এরনান্দেস। কাতালান ক্লাবটির কোচ মনে করেন, এই লড়াই তাদের ইউরোপিয়ান প্রতিযোগিতায় সামর্থ্য দেখানোর মঞ্চ।
ইউরোপ সেরার মঞ্চে চলতি মৌসুমে গ্রুপ পর্বে তৃতীয় হয়ে ছিটকে যায় বার্সেলোনা। টানা দ্বিতীয়বারের মতো তারা নেমে গেছে ইউরোপা লিগে।
ইউরোপা লিগের নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগে বৃহস্পতিবার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। কাম্প নউয়ে ম্যাচটি শুরু হবে রাত পৌনে ১২টায়।
ইউরোপে ভালো না করলেও এই মৌসুমে অন্যান্য প্রতিযোগিতায় ভালো করছে বার্সেলোনা। লা লিগায় শীর্ষে থাকা দলটি জিতেছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। কোপা দেল রেতে জায়গা করে নিয়েছে সেমি-ফাইনালে।
তবুও ইউরোপে নিজেদের প্রমাণের তাগিদ দেখছেন শাভি। এজন্য ইউনাইটেডের বিপক্ষে লড়াইয়ে বাড়তি প্রেরণা পাচ্ছেন সাবেক এই মিডফিল্ডার। তবে কাজটা সহজ হবে না তার দলের জন্য। কেননা এরিক টেন হাগের কোচিংয়ে ধরে শুরুটা ধীর হলেও সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে আছে দলটি।
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তিনে আছে ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ১৫ ম্যাচের মাত্র একটিতে হেরেছে ম্যানচেস্টারের ক্লাবটি।
কাজটা কঠিন হলেও দল নিয়ে আত্মবিশ্বাসী শাভি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্পেনের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার বলেন, ইউরোপের শীর্ষ মানের দলগুলোর সঙ্গে সমানে সমানে লড়াই করার জন্য প্রস্তুত তার দল।
“আগামীকাল একটি দুর্দান্ত ম্যাচ হবে। একটি দর্শনীয় লড়াই হবে। উভয় দলই মৌসুমের সেরা অবস্থায় আছে। (এরিক) টেন হাগ তার দলের চেহারা বদলে দিয়েছে। চ্যালেঞ্জটা তাদের জন্য কঠিন ছিল, কিন্তু তারা দুর্দান্ত কাজ করছে।”
“আমি অনেক (আক্রমণে) তীব্রতা ও ছন্দময় একটি ম্যাচের আশা করছি। এটি ইউরোপিয়ান প্রতিযোগিতা এবং আমরা দেখিয়ে দিতে চাই যে, আমরা শীর্ষ মানের ইউরোপীয় দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।”
