বেলিংহ্যামের কাঁধে এখনই অস্ত্রোপচারের পরিকল্পনা নেই রেয়ালের
প্রয়োজন হলে ভবিষ্যতে ইংলিশ মিডফিল্ডারের অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি।
কাঁধের চোট বেশ কিছুদিন ধরে ভোগাচ্ছে জুড বেলিংহ্যামকে। এজন্য তিনি খেলতে পারেননি জাতীয় দল ও রেয়াল মাদ্রিদের কয়েকটি ম্যাচও। তবে তার এই সমস্যা পুরোপুরি কাটিয়ে ওঠার জন্য আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন দেখছে না রেয়াল মাদ্রিদ। ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এই ইংলিশ মিডফিল্ডারের অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা।
গত ৫ নভেম্বর রায়ো ভাইয়েকানোর বিপক্ষে রেয়ালের লা লিগার ম্যাচে কাঁধে চোট পান বেলিংহ্যাম। এরপর তিনি মিস করেন রেয়ালের দুটি ম্যাচ। গত মাসের আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের হয়েও খেলতে পানেননি তিনি।
এরপর জার্সির নিচে আরেকটি বিশেষ প্রোটেকশন জার্সি পরে খেলেছেন কাদিস ও নাপোলির বিপক্ষে। গোলের দেখাও পেয়েছেন। তবে আনচেলত্তি জানিয়েছেন, শতভাগ ফিট না হয়েই ম্যাচগুলো খেলেছেন ২০ বছর বয়সী এই ফুটবলার।
লা লিগায় শনিবার রাতে রেয়াল বেতিসের বিপক্ষে খেলবে রেয়াল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বললেন, বেলিংহ্যামের চোট খুব গুরুতর নয়, তবে পুরোপুরি সুস্থ হতে তার সময় লাগবে।
“বেলিংহ্যাম একা অনুশীলন করছে। নাপোলির বিপক্ষে ম্যাচে পাওয়া অ্যাঙ্কেলের চোট থেকে সে সুস্থ হয়ে উঠছে।”
“তাকে তার কাঁধের দেখভাল করতে হবে। শরীরের এই অংশকে মজবুত করতে তাকে নির্দিষ্ট কিছু কাজ করতে হবে। কিন্তু খেলতে তার কোনো সমস্যা হয়নি। তাই বলা যায়, যত দিন যাবে তার আরও উন্নতি হবে।”
গত গ্রীষ্মের দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রেয়ালে যোগ দেওয়ার পর থেকে দ্রুতই রেয়ালের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন বেলিংহ্যাম। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচ খেলে গোল করেছেন ১৫টি।
বছর জুড়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে এবার জিতেছেন ইউরোপের সেরা অনূর্ধ্ব-২১ খেলোয়াড়ের খেতাব ‘গোল্ডেন বয় অ্যাওয়ার্ড’।
সংবাদ সম্মেলনে বেলিংহ্যামের কাঁধের চোট নিয়ে আবার প্রশ্ন করা আনচেলত্তি তুলে ধরেন অস্ত্রোপচার করানো নিয়ে তাদের ভাবনা।
“(অস্ত্রোপচার) না, এখনই না। কাঁধ একটা বিশেষ জয়েন্টের জায়গা, বারবার তা নড়ে গেলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। কিন্তু এই মুহূর্তে (বেলিংহ্যাম) ভালো বোধ করছে।”
লা লিগায় ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে আছে রেয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে দুইয়ে জিরোনা।
