২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্ক পেরিয়ে অনুশীলনে ফিরছেন এনসো ফের্নান্দেস

ক্লাবটির কোচ ওগা শ্মিট আশাবাদী, আবার আগের মতো দলের জন্য অবদান রাখবেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2023, 06:24 PM

Updated : 07 Jan 2023, 06:24 PM

বেনফিকা থেকে চেলসিতে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যে অনুমতি না নিয়ে এনসো ফের্নান্দেস মিস করেন দুটি অনুশীলন সেশন। অনেক জল ঘোলার পর শেষ পর্যন্ত পর্তুগিজ ক্লাবটিতে ফিরছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। এবার অনুশীলনেও ফিরতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন তার ক্লাব কোচ ওগা শ্মিট। 

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ফের্নান্দেস। জিতে নেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। 

সমস্যার শুরু কদিন আগে। ক্লাবের অনুমতি না নিয়ে আর্জেন্টিনায় যান ফের্নান্দেস। সেখান থেকে লিসবনে ফেরার আগে ক্লাবের দুটি অনুশীলন সেশনেও অনুপস্থিত থাকেন। 

এই সময়ের মধ্যে সংবাদমাধ্যমে জোরালভাবে এসেছিল ফের্নান্দেসের চেলসিতে যোগ দেওয়ার খবর। তবে তা এখনও আলোর মুখ দেখেনি। 

অনুমতি না নিয়ে অনুশীলন মিস করার বেনফিকার সবশেষ ম্যাচে গত শুক্রবার দলে রাখা হয়নি ফের্নান্দেসকে। পর্তুগালের শীর্ষ লিগের ম্যাচটিতে ১-০ গোলে জেতে বেনফিকা। 

ম্যাচের পর ফের্নান্দেস দলে না রাখার কারণ জানানোর পাশাপাশি শ্মিট আশাবাদ ব্যক্ত করেন, আবার আগের মতো দলের জন্য অবদান রাখবেন ২১ বছর বয়সী এই ফুটবলার। 

“এটা পরিষ্কার যে, এনসো ফের্নান্দেস যা করেছে তা সঠিক ছিল না, এই কারণেই সে দলে ছিল না। আমি এটি ঘোষণা করতে পেরে খুশি যে, আগামীকাল থেকে এনসোকে অনুশীলনে দেখতে পাব।”  

“সে আমাদের খেলোয়াড়, আমাদের তাকে দরকার... এখন এনসো আবার বেনফিকা এবং ফুটবলে মনোযোগ দিতে পারবে। এখন আমরা এনসোকে নিয়ে গোড়া থেকে পুনরায় শুরু করছি। সে আজ ফিরে আসবে, আমরা তার ওপর ভরসা রাখছি - সে আমাদের খেলোয়াড়, আমাদের এনসোকে দরকার।"