২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেসি-রোনালদোর পর্যায়ে যাওয়ার মানসিকতা আছে হলান্ডের’

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার মতে, গোল করার ধারাবাহিকতায় মেসি-রোনালদোর মতো হয়ে উঠতে সঠিক পথেই আছেন আর্লিং হলান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 12:02 PM

Updated : 09 Apr 2023, 12:02 PM

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে তুলনায় আসতে হলেও এখনও অনেক অনেক পথ পাড়ি দিতে হবে আর্লিং হলান্ডকে। তবে যে পথ ধরে ছুটছেন তিনি, তাতে মুগ্ধ পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচের মতে, এই পথই হলান্ডকে একদিন পৌঁছে দিতে পারে মেসি-রোনালদোর ঠিকানায়। 

ফুটবলার হিসেবে একজনের সঙ্গে আরেকজনের তুলনার নিক্তি অবশ্য অনেক। তবে গুয়ার্দিওলা দেখছেন হলান্ডের গোল করার সামর্থ্য। গোল করার ধারাবাহিকতায় ফুটবল ইতিহাসেই চূড়ার দিকে মেসি ও রোনালদো। এখানে হলান্ডের শুরুটাও হয়েছে অবিশ্বাস্য। 

ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল এর মধ্যে করে ফেলেছেন হলান্ড। সাউথ্যাম্পটনের বিপক্ষে শনিবার দুই গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা এখন ৩০। প্রিমিয়ার লিগের ইতিহাসে অভিষেক মৌসুমে ৩০ গোলের কৃতিত্ব আগে ছিল কেবল অ্যান্ড্রু কোল ও কেভিন ফিলিপসের। 

মেসি-রোনালদোর ক্যারিয়ারে অর্জনের সংখ্যা গুণে শেষ করা কঠিন। চোখধাঁধানো ক্যারিয়ারে দুজনের গোলই পেরিয়ে গেছে ৮০০। তবে হলান্ডের ক্যারিয়ারের শুরুটাও চোয়াল ঝুলিয়ে দেওয়ার মতো। ২০০ গোল করে ফেলেছেন তিনি স্রেফ ২৪৪ ম্যাচ খেলেই! 

গোল স্কোরিংয়ে মেসি-রোনালদোর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার নাম তাই উচ্চারিত হচ্ছে জোরেসোরেই। সেই আলোচনার পালে আরও জোর হাওয়া বইয়ে দিলেন গুয়ার্দিওলা। 

“ক্রিস্তিয়ানো (রোনালদো) ও মেসির পর্যায়ে যেতে অনেক অনেক কিছু করতে হবে। ওরা কখনোই খুব একটা চোটে পড়েনি। আর্লিং (হলান্ড) অনেক লম্বা, বিশালদেহী। তাকে নিয়ে অনেক সাবধানে কাজ করতে হয় ফিজিওদের। তবে আমি যখন থেকে তাকে দেখছি, তার সঠিক মানসিকতা আছে (রোনালদো-মেসির মতো হওয়ার)। সে ঠিক অবস্থানেই আছে।” 

অন্য অনেক গ্রেটের সঙ্গে মেসি-রোনালদোর মূল পার্থক্য বছরের পর বছর শুধু মান ধরে রাখাই নয়, বরং নিত্য নিজেকে ছাড়িয়ে যাওয়ার তাড়নায়। তৃপ্ত না হয়ে ক্লান্তিহীন ছুটে চলার সেই মানসিকতা হলান্ডের ভেতরও দেখতে পান গুয়ার্দিওলা। 

“যে পুরোপুরি পেশাদার এবং লড়াই করতে চায়। গোল করার সুযোগ হাতছাড়া করলে তার প্রতিক্রিয়া দেখে আমি তা বুঝি, এমনকি অনুশীলনেও। তবে তার সেই হতাশা থাকে বড়জোর মিনিট পাঁচেক। এরপরই আবার সে জেগে ওঠে এবং নিজের কাজটা করে।” 

“মেসি-রোনালদোর মতোই নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াই করে সে। যখন দুই-তিন গোল করতে পারে না, তখন সে নিজেকেই কাঠগড়ায় তোলে, ‘সমস্যা কোথায় হচ্ছে? কোথায় ঝামেলা হচ্ছে?’ এই বয়সেই তার যে গোলসংখ্যা, এটা অবিশ্বাস্য।” 

বার্সেলোনায় চার বছর মেসিকে কোচিং করিয়েছেন গুয়ার্দিওলা। আর্জেন্টাইন তারকার প্রতি তার অনুরাগের কথাও নতুন কিছু নয়। ফুটবলার হিসেবে পূর্ণতার দিক থেকে তিনি মেসিকে অন্যদের চেয়ে আলাদাই রাখছেন। হলান্ডের মিল বেশি দেখছেন তিনি রোনালদোর সঙ্গে। তবে মেসি-রোনালদো যে দীর্ঘসময় ধরে সেরা থেকেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তা মনে করিয়ে দিলেন সফল এই কোচ। 

“আমার মতে, মেসি তুলনামূলক বেশি পরিপূর্ণ ফুটবলার। সে যে কোনো জায়গায় খেলতে পারে, কারণ খেলাটা সে বোঝে। অন্য দুজন-ক্রিস্তিয়ানো ও হলান্ড অনেকটা যন্ত্রের মতো। তবে আর্লিং জানে যে মেসি-ক্রিস্তিয়ানো দুই দশক ধরে দাপট দেখিয়েছে, স্রেফ এক-দুই বছর নয়।” 

“তারা একটির পর একটি গোল করেছে, শিরোপার পর শিরোপা জিতেছে এবং একদম সবকিছুই করেছে। বড় ক্লাবের হয়ে তারা যা করেছে, সেটির কারণেই ফুটবল আজ অনেক ভালো জায়গায় আছে বলে মনে করি আমি।”

তবে মেসি-রোনালদোকে অনন্য উচ্চতায় রেখেও গুয়ার্দিওলার কাছে অবিশ্বাস্য লাগছে হলান্ডের অপ্রতিরোধ্য পথচলা। বিশেষ করে হলান্ডকে বাড়তি কিছু নম্বর দিচ্ছেন তিনি প্রিমিয়ার লিগে এমন উজ্জ্বল পারফরম্যান্সের কারণে। লা লিগা ও বুন্ডেসলিগায় শীর্ষ দুটি ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। তার কাছে, প্রিমিয়ার লিগই সবচেয়ে কঠিন। 

এমন একটা লিগে ক্যারিয়ারের শুরুর দিকে হলান্ড যা করছেন, সেখানে অন্তত তাকে মেসি-রোনালদোর পাশেই রাখছেন কোচ। 

“আর্লিং তার পেশাদার ক্যারিয়ারে কতগুলো ম্যাচ খেলেছে, খেয়াল করে দেখুন। এই সময়ে তার সংখ্যার সঙ্গে মেসি-রোনালদোর ওই সময়ের গোল তুলনা করে দেখুন, একইরকম হবে।” 

“আর্লিংয়ের বয়স স্রেফ ২২ এবং সে বিশ্বের সবচেয়ে কঠিন লিগে নিজের কাজটা দারুণভাবে করে চলেছে। আমি এটা বলতে পারি, কারণ অন্য লিগগুলোয় তো কাজ করেছি। এখানে সে যা করছে, তা অসাধারণ।”