‘নেইমারদের এই দল পুরনো ব্রাজিলের মতো নয়’
বৈশ্বিক আসরে ভালো করার ব্যাপারে আশাবাদী ক্যামেরুন অধিনায়ক ভিনসেন্ট আবুবাকার।
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে বেশ কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ক্যামেরুনের জন্য। লড়তে হবে সুইজারল্যান্ড, সার্বিয়া ও রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে। তার মধ্যে লাতিন পরাশক্তিদের বিপক্ষে নিঃসন্দেহে সবচেয়ে কঠিন ম্যাচ খেলতে হবে আফ্রিকার দেশটিকে। তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু দেখছেন না ক্যামেরুন অধিনায়ক ভিনসেন্ট আবুবাকার। তার বিশ্বাস, নেইমার-ভিনিসিউসদের বিপক্ষে দারুণ কিছু করার সামর্থ্য আছে তার দলের।
এখন পর্যন্ত সাতবার বিশ্ব সেরার মঞ্চে খেলা ক্যামেরুনের জন্য ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ছিল একরাশ হতাশার। বাদ পড়েছিল বাছাইপর্ব থেকেই। এর আগের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পথে নিজেদের শেষ ম্যাচ ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল ক্যামেরুন।
এবারের আসরে আগামী ৩ ডিসেম্বর তিতের দলের মুখোমুখি হবে ক্যামেরুন। বিশ্বকাপে খেলা ও ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচ নিয়ে ভীষণ রোমাঞ্চিত আবুবাকার। সম্প্রতি ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী ফুটবলার বলেন, শক্তিমত্তা ও অভিজ্ঞতার দিক থেকে পিছিয়ে থাকলেও মাঠের খেলায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ছেড়ে কথা বলবেন না তারা।
“বিশ্বকাপ একটি সুন্দর এবং আবেগময় প্রতিযোগিতা। ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়ার বিপক্ষে আমরা কঠিন গ্রুপে আছি। আমাদের অবশ্যই সম্ভাব্য সেরা ফর্মে থেকে বিশ্বকাপে যেতে হবে- আশা করি কোনো চোট সমস্যা থাকবে না এবং আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে। এরপর আমরা দেখব যে কী হয়।”
“(বিশ্বকাপে) আমরা ব্রাজিলকে ভয় পাব না। কারণ বর্তমান দলটি পুরনো ব্রাজিল দলের মত নয়। এটা ঠিক যে তাদের কিছু মানসম্পন্ন খেলোয়াড় আছে, কিন্তু একটা টুর্নামেন্টে অনেক দূর যেতে হলে একটা একতাবদ্ধ স্কোয়াড দরকার। একটা দলে বড় নাম আছে, কিন্তু কোনো ঐক্য নেই, মানে কিছুই নেই।”
ব্রাজিলকে নিয়ে খুব বেশি না ভেবে নিজেদের কাজটা ঠিকঠাক করার দিকে মনোযোগ দিতে চান আবুবাকার।
“ব্রাজিল কী করবে বা করবে না, তা বলার জন্য আমরা বিশ্বকাপে যাব না। আমরা নিজেদের ওপর মনোযোগ রাখছি এবং কোচিং স্টাফ নিশ্চিত করবে যে আমরা টুর্নামেন্টে যাওয়ার জন্য সম্ভাব্য সেরা অবস্থায় আছি। চমৎকার মানসিকতার সঙ্গে আমাদের একটি ভালো ও সক্ষম স্কোয়াড আছে। আমরা যা কিছু অর্জন করব, তা হবে সম্মিলিত প্রচেষ্টায়।”
ক্যামেরুনের মতো ২০১৪ বিশ্বকাপে তেতো অভিজ্ঞতা হয়েছিল স্বাগতিক ব্রাজিলেরও। ‘হেক্সা’ জয়ের স্বপ্নে বিভোর দলটিকে সেবার সেমি-ফাইনালে বিধ্বস্ত করে জার্মানি জেতে ৭-১ গোলে। এরপর রাশিয়াতেও খালি হাতে ফেরা ব্রাজিল এবার তিতের হাত ধরে দারুণ খেলে যাচ্ছে বিশ্বকাপে। তাদের ধরা হচ্ছে ফেভারিট দলগুলোর একটি হিসেবে।
সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলা স্ট্রাইকার আবুবাকার মনে করেন, তাদের মতো ব্রাজিলও বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার জন্য নিজেদের উজাড় করে দেবে।
“২০১৪ আসর ব্রাজিলের জন্য সেরা টুর্নামেন্ট ছিল না, যেখানে তারা জার্মানির বিপক্ষে সাতটি গোল হজম করেছিল। কোনো সন্দেহ নেই যে তারা প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসবে এবং তাদের একটা শিরোপা জেতার জন্য তাদের একদল ক্ষুধার্ত ও পরিণত খেলোয়াড় রয়েছে।”
“তবে আমরাও একটি বড় দল, আমরা একটা বড় দেশকে প্রতিনিধিত্ব করছি এবং আমাদের বিশ্বাস আছে যে আমরা অনেকদূর যেতে পারব। এই টুর্নামেন্টে বিশ্বের সেরা দলগুলো রয়েছে এবং তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে।”
বিশ্বকাপে আফ্রিকার কোনো দলের সেরা সাফল্য সেমি-ফাইনাল। আবুবাকারের বিশ্বাস, একদিন বিশ্বকাপ শিরোপা আসবে আফ্রিকাতেও।
“আগামী বছরগুলোয় আফ্রিকান একটি দল বিশ্বকাপ জিততে পারে। হয়ত ২০ বা ৫০ বছরের মধ্যে, কে বলতে পারে? এটা সম্ভব, কিন্তু সেটা হওয়ার জন্য আমাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।”
আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতার ও একুয়েডরের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের।
