১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় পৌঁছেই জিমি-আমিরুলদের কঠোর বার্তা গেরহার্ডের

আসছে এশিয়ান গেমসের জন্য এই জার্মান কোচকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

ঢাকায় পৌঁছেই জিমি-আমিরুলদের কঠোর বার্তা গেরহার্ডের
পিটার গেরহার্ডের কোচিংয়ে এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ হকি দল। ছবি: বাহফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 02:54 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

বাংলাদেশ হকি ফেডারেশনের সাথে সমঝোতার পর, ঢাকায় পৌঁছেছেন পিটার গেরহার্ড। আসছে এশিয়ান গেমসে বাংলাদেশ জাতীয় হকি দলের ডাগআউটে থাকবেন এই জার্মান কোচ। এসেই তিনি জিমি-আমিরুলদের দিয়েছেন দেশকে আরও ভালো ফল এনে দিতে কঠোর পরিশ্রমী হওয়ার বার্তা।

আগে কয়েক দফায়, নানা ভূমিকায় বাংলাদেশের হকির সঙ্গে যুক্ত ছিলেন গেরহার্ড। জিমিদের সম্পর্কে তাই তার জানাশোনা আছে। আগামী সেপ্টেম্বরে জাপানে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য এই জার্মানকে দুই মাসের দায়িত্ব দিয়েছে ফেডারেশন।

এশিয়ান গেমসে হকিতে পুল পর্বে বাংলাদেশ খেলবে স্বাগতিক জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই পর্বের সেরা দুই দল উঠবে সেমি-ফাইনালে। বাকিরা খেলবে স্থান নির্ধারণী ম্যাচে। 

আসরটি সামনে রেখে রাসেল মাহমুদ জিমি, পুস্কর ক্ষীসা মিমো, আবু সাইদ নিপ্পনদের ডেকেছে ফেডারেশন। বড় স্বপ্ন দেখতে কঠোর পরিশ্রমের বিকল্প দেখছেন না গেরহার্ড।

“আমার মতে, গত টুর্নামেন্টগুলোতে হকি দল যে ফলাফল পেয়েছে, তার চেয়ে তারা অনেক বেশি ভালো দল। আমাদের আরও উন্নতি করতে হবে এবং আমরা সেটা নিয়েই কাজ করব।

“আগামী সপ্তাহগুলোতে খেলোয়াড়দের অনেক কঠিন সময় পার করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে; তবে শেষে তারা এর সুফল ভোগ করতে পারবে।" 

সবশেষ ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ হকি ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পদে যোগ দেন গেরহার্ড। তবে সেই বছরের সেপ্টেম্বরে রাজনৈতিক অস্থিতিশীলতায় পদত্যাগ করেন তিনি।

২০০৯ সালে প্রথম তিনি আসেন বাংলাদেশ হকি দলের কোচিং পরিচালক হিসেবে। ২০১৬ পর্যন্ত কাজ করেন বাংলাদেশ জাতীয় দলে এবং ক্লাব পর্যায়ে।