Published : 22 Feb 2026, 07:50 PM
ক্লাবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শেষে আগের সপ্তাহেই মাঠে নামেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফেরার ম্যাচে জালের দেখাও পান তিনি। এবার জোড়া গোল করে দল ছাড়ার গুঞ্জনেরও ইতি টেনে পর্তুগিজ মহাতারকা বললেন, সৌদি ফুটবলে তিনি ভালো আছেন।
দলবদলের বাজারে নিজের দল আল নাস্রের নিষ্ক্রিয়তায় অসন্তুষ্ট ছিলেন বলে গণমাধ্যমের খবর আসে। বিশেষ করে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফার্মের (পিআইএফ) নানা কার্যক্রমে তিনি বিরক্ত ও অসন্তুষ্ট বলেও জানা যায়। এই প্রতিষ্ঠান আল নাস্রসহ চারটি ক্লাবের ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। রোনালদোর ক্লাবের মূল প্রতিদ্বন্দ্বী আল-হিলালে বিনিয়োগ ক্রমেই বাড়াচ্ছে পিআইএফ এবং একের পর এক ফুটবলার কিনছে তারা। সেই অনুযায়ী আল-নাস্র বঞ্চিত হচ্ছে বলেই মনে করছিলেন পর্তুগিজ তারকা। এছাড়া নিজেদের ক্লাব পরিচালনার নানা দিক নিয়েও প্রশ্ন ছিল অধিনায়কের।
এসব কারণেই নাকি সৌদি প্রো লিগে আল-রিয়াদ ও আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচে খেলতে অস্বীকৃতি জানান রোনালদো। পুরো বিষয়টি বেশ ঘোলাটে হয়ে ওঠে। সেই সঙ্গে ছড়াতে থাকে নতুন নতুন গুঞ্জন। রোনালদোর মেজর সকার লিগে যোগ দেওয়ার উড়ো খবরও আসতে থাকে।
তবে সেসব যে কেবলই গুঞ্জন ছিল, তা এবার পরিষ্কার করলেন রোনালদো। ওই ‘ধর্মঘটের’ পর গত সপ্তাহে আল ফাতেহর বিপক্ষে লিগ ম্যাচে অধিনায়ক হিসেবেই মাঠে নামেন তিনি এবং দলের ২-০ ব্যবধানের জয়ে একটি গোলও করেন।
আর শনিবার লিগের সবশেষ ম্যাচে আল হাজেমকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পথে জোড়া গোল করেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচের পর সাংবাদিকদের কাছে তিনি নিজের ও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
“আমরা অনেক সুযোগ তৈরি করেছি, আমার মতে। আমাদেরও আরও বেশি গোল করা উচিত ছিল, তবে আমরা জিতেছি-এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আবারও আমরা কোনো গোল হজম করিনি। ম্যাচের ফলে অবশ্যই আমি খুব খুশি, সেই সঙ্গে গোল পাওয়ার কারণেও।”
পেশাদার ফুটবলে হাজার গোলের লক্ষ্যে এগিয়ে চলেছেন ৪১ বছর বয়সী তারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোল হলো ৯৬৪টি।
এবারের লিগে এখন পর্যন্ত ২০টি গোল করা এই তারকার দল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে যেসব খবর আসছে, সেই প্রসঙ্গে তিনি নিজের ভাবনা পরিষ্কার করলেন।
“হ্যাঁ, আমি এখানে খুশি। যেমনটা আমি অনেকবার বলেছি, আমি সৌদি আরবের। এই দেশ আমাকে, আমার পরিবারকে ও আমার বন্ধুদের খুব ভালোভাবে স্বাগত জানিয়েছিল। আমি এখানে ভালো আছি এবং এখানেই থাকতে চাই।”
“এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, (শিরোপার জন্য) লড়াই চালিয়ে যাওয়া। আমরা এখন শীর্ষে। আমাদের কাজ ম্যাচ জেতা, (আমাদের প্রতিপক্ষের ওপর) চাপ ধরে রাখা এবং এরপর দেখা যাবে, কী হয়। আমরা লক্ষ্যেই আছি, ভালো খেলছি, আমরা আত্মবিশ্বাসী। ম্যাচ ধরে এগিয়ে যেতে হবে। আমরা ভালো অবস্থায় আছি। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।”
২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আল নাস্র। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আল হিলাল।