২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমীকরণ জানি না, শুধু জানি জিততে হবে’, বললেন জামাল

সেমি-ফাইনালে ওঠার লক্ষ্য পূরণে ভুটানের বিপক্ষে কোনো ভুল করতে চান না বাংলাদেশ অধিনায়ক।

বেঙ্গালুরু থেকে ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 04:42 PM

Updated : 27 Jun 2023, 05:18 PM

‘বি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে লেবানন। ৩ করে পয়েন্ট বাংলাদেশ ও মালদ্বীপের। ভুটান পয়েন্টের খাতাই খুলতে পারেনি এখনও। তবে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার দরজা খোলা আছে চার দলের সামনেই। জামাল ভূঁইয়া অত সমীকরণের মারপ্যাঁচের মধ্যে যেতে চান না। বাংলাদেশ অধিনায়ক শুধু জানেন-জিততে হবে তাদের।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বুধবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। একই দিন ৪টায় ‍খেলবে লেবানন ও মালদ্বীপ; এ ম্যাচেই পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের করণীয়।

পয়েন্ট টেবিলে সবচেয়ে স্বস্তিতে আছে লেবাবন। মালদ্বীপ, বাংলাদেশ ও ভুটানের সুযোগ নির্ভর করছে কেবল নিজেদের নয়, প্রতিপক্ষের ফলের উপরও। তবে জিতলে বাংলাদেশের পথটা পরিষ্কার অনেকটাই। জামালও বললেন, সমীকরণের মারপ্যাঁচের হিসাব না কষে ৩ পয়েন্ট পাওয়ার কাজটি সারতে চান তারা।

“এই ইকুয়েশন সম্পর্কে আমি জানি না। আমরা শুধু জানি, আমাদের জিততে হবে। আমরা সবাই সেমি-ফাইনালে ওঠার জন্য ভীষণ ক্ষুধার্ত। আমরা সবাই চাই এটা। এখন আমাদের সামনে সুবর্ণ সুযোগ। কারণ, সুযোগটা আমাদের হাতে আছে। এখন সবকিছু নির্ভর করছে আমাদের ওপর।”

“আমাদের জিততে হবে। তিন পয়েন্ট নিতে হবে। এটা সবার মাথাতেই আছে। কালকের ম্যাচে আমাদের কৌশল কী হবে, কোচ এখনও আমাদের জানাননি। তবে আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা জানি, ভুটান প্রথম দুই ম্যাচ অনেক ভালো খেলেছে। তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে।”

গত সাফেও তিরে এসে তরী ডুবেছিল বাংলাদেশের। শেষ মুহূর্তে গোল হজম করে নেপালের বিপক্ষে ড্র করে ছিটকে গিয়েছিল দল। জামাল সেই তিক্ত স্মৃতির পুনরাবৃত্তি দেখতে চান না কোনোভাবেই। নির্ভুল ফুটবল খেলে জিততে চান ভুটানের বিপক্ষে।

“আমরা এইবার এসব ভুল করতে চাই না। আমরা এসব ভুলকে এড়াতে চাই। আজকে আমরা এ নিয়ে আলাপ করব।”

টানা দুই ম্যাচ হেরে আসা ভুটানের সেরা চারের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প কোনো পথ খোলা নেই। প্রতিপক্ষ যে মরণ কামড় দিতে মরিয়া থাকবে, তা নিয়ে সতর্ক দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসরে পঞ্চমবারের মতো খেলতে আসা জামাল।

“আমরা জানি ভুটানের অনেক তরুণ ফুটবলার আছে। একই সঙ্গে তাদের কয়েকজন অভিজ্ঞ ফুটবলারও আছে। এই দলটা অনেক প্রাণচাঞ্চল্যে ভরা। তারা ম্যাচ জুড়ে ছোটাছুটি করে।”

“আমি দেখেছি ভুটান অনেক পাসিং ফুটবল খেলে। অনেক সুযোগ তৈরি করে। এই দলটাও অনেক গতিময়, দ্রুতগতির ফুটবলার আছে, যেটা আমি খেয়াল করেছি। আমাদের তাই ভুটানকে শ্রদ্ধা করে খেলতে হবে।”