৩০ পেরিয়ে রোনালদোর ৫০০
হাজার গোলের ইতিহাসের পথে ছুটতে থাকা তারকা দেখা পেলেন আরেকটি অবিস্মরণীয় মাইলফলকের।
হাজারের ঠিকানায় পৌঁছানোর পথে প্রতিটি গোল গণনা তো চলছেই। সেই পথচলায় এবার আরেকটি অবিস্মরণীয় মাইফলক ধরা দিল ক্রিস্তিয়ানো রোনালদোর। আল নাস্রের বড় জয়ের ম্যাচে দারুণ অর্জনে নিজেকে রাঙালেন পর্তুগিজ তারকা।
সৌদি প্রো লিগে শনিবার আল হাজেমকে ৪-০ গোলে উড়িয়ে দেয় আল নাস্র। একই দিনে আল ইত্তিহাদের সঙ্গে আল হিলালের ড্রয়ে রোনালদোরা আবার ফিরে পেয়েছেন পয়েন্ট তালিকায় শীর্ষস্থান।
ম্যাচের দুই অর্ধে দুটি গোল করেন রোনালদো। এর প্রথমটিই ছিল মাইলফলক গোল। বয়স ৩০ হওয়ার পর তার ৫০০তম গোল এটি।
ম্যাচের শুরুর দিকেই ফাঁকায় থাকা রোনালদোর বাঁ পায়ের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন আল হাজেম গোল কিপার। ত্রয়োদশ মিনিটে কিংসলে কোমানের পাস থেকে ডান পায়ে বল ধরে বাঁ পায়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান আল নাস্র অধিনায়ক। শুরুতে অফসাইড দেওয়া হলেও ভিএআর পরীক্ষায় গোল পেয়ে যান তিনি।
এরপর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান কোমান। প্রথমার্ধের শেষ দিকে আরেকবার বল জালে পাঠান রোনালদো। কিন্তু এবার অফসাইডে ছিলেন তিনি।
৭৭তম মিনিটে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে দারুণভাবে ছুটে একক প্রচেষ্টায় গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার আঞ্জেলো গাব্রিয়েল। মিনিট দুয়েক পর দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো।
এবারও গোলে সহায়তা করেন কোমান এবং এবারও ভিএআর পরীক্ষায় টিকে যায় গোল।
৪১ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হলো এখন ৯৬৪টি।
২২ ম্যাচে আল নাস্রের পয়েন্ট এখন ৫৫, আল হিলালের ৫৪।
