‘ব্যালন দ’র ভিনির প্রাপ্য’
জাতীয় দলের সতীর্থের হাতেই এই বছরের বর্ষসেরার পুরস্কারটি দেখছেন নেইমার।
রেয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন ভিনিসিউস জুনিয়র। দলের তিনটি শিরোপা জয়ে রেখেছেন অনেক বড় অবদান। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে এই বছরের ব্যালন দ’রের দাবিদার হিসেবে দেখছেন অনেকেই। আরেক ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও দৃঢ় বিশ্বাস, বর্ষসেরার পুরস্কারটা এবার তার জাতীয় দলের সতীর্থই জিতবেন।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গত শনিবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে একটিসহ প্রতিযোগিতাটিতে এবার ৬ গোল করেন ভিনিসিউস। সোমবার আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এবার লা লিগায় তিনি করেন ১৫ গোল। এছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে করেন হ্যাটট্রিক। তিনটি ট্রফিই জিতে নেয় রেয়াল।
নেইমারের অনুপস্থিতিতে আসছে কোপা আমেরিকায় ব্রাজিলের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন ২৩ বছর বয়সী ভিনিসিউস।
সাও পাওলোয় নিজের প্রতিষ্ঠান ‘নেইমার জুনিয়র ইনস্টিটিউট’-এর একটি চ্যারিটি অনুষ্ঠানে সোমবার ব্রাজিলের সংবাদমাধ্যম ব্যান্ড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ২০২৪ সালের ব্যালন দ’র ভিনিসিউসের প্রাপ্য।
“ভিনির ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি ব্যালন দ’র আজ তার। (চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল) ম্যাচের আগে ও পরে (তাকে) বার্তা পাঠিয়েছিলাম। সে এমন একটি ছেলে, যাকে আমি খুব পছন্দ করি, ফুটবল আমাকে একজন দারুণ বন্ধু দিয়েছে। সে অবশ্যই ব্যালন দ’রের মুকুট পরবে।”
২০০৭ সালে এসি মিলানের চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখে ব্যালন দ’র জিতেছিলেন কাকা। এরপর দেড় দশকের বেশি সময় পেরিয়ে গেলেও আর কোনো ব্রাজিলিয়ান মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিততে পারেনি।
ব্রাজিলের রেকর্ড গোলস্কোরার নেইমার কাছাকাছি গেলেও কখনও ব্যালন দ’র জিততে পারেননি। ২০১৫ সালের বিজয়ী লিওনেল মেসি ও রানার্সআপ ক্রিস্তিয়ানো রোনালদোর পেছনে থেকে তৃতীয় হয়েছিলেন তিনি।
গত অক্টোবরে জাতীয় দলে খেলার সময়ে পাওয়া হাঁটুর গুরুতর চোট থেকে সেরে ওঠার পথে আছেন আল হিলাল তারকা। আগামী মৌসুমে সৌদি চ্যাম্পিয়নদের হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।
নেইমারের স্বদেশের ক্লাব সান্তোসে ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যায় মাঝেমধ্যেই। আগামী বছর ব্রাজিলিয়ান দলটিতে ফেরার কথা বিবেচনা করছেন কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না। যা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। এমন কোনো পরিকল্পনা নেই।”
“আল হিলালের সঙ্গে আমার চুক্তির আরও এক বছর বাকি আছে। আশা করি, আমি দারুণ একটি মৌসুম কাটাতে পারব। গত মৌসুমে আমি খেলতে পারিনি। সামনে অনেক সময় আছে। অবশ্যই সান্তোস আমার প্রিয় দল, একদিন সেখানে ফিরতে চাই, কিন্তু আমার মাথায় (আপাতত) তেমন কিছুর পরিকল্পনা নেই।”
পিএসজিতে ছয় বছর কাটিয়ে গত গ্রীষ্মে দুই বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দেন নেইমার।
