Published : 18 Aug 2024, 03:05 PM
বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের ইতি টেনে দিলেন মাটস হুমেলস। কোচ এদিন তেরজিচ দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পরদিন বুন্ডেসলিগার ক্লাবটিকে বিদায় বলে দিলেন জার্মান এই অভিজ্ঞ ডিফেন্ডার।
৩৫ বছর বয়সী হুমেলসের অবিলম্বে ক্লাব ছাড়ার কথা শুক্রবার নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরের রানার্স আপ ডর্টমুন্ড। আগের দিনই দলের উন্নতির জন্য ‘নতুন কোচের প্রয়োজনীয়তা অনুভব’ করে চলে যাওয়ার ঘোষণা দেন প্রধান কোচ তেরজিচ।
বায়ার্ন মিউনিখের একাডেমি থেকে উঠে আসা হুমেলস ২০০৮ সালে ধারে ডর্টমুন্ডে যোগ দেন। এরপর তাকে কিনে নেয় হলুদ-কালো জার্সিধারীরা। ক্লাবটিতে ২০১৬ সাল পর্যন্ত থাকার পর আবারও বায়ার্নে ফেরেন তিনি।
জার্মানির রেকর্ড চ্যাম্পিয়নদের হয়ে তিন মৌসুম খেলার পর ২০১৯ সালে ফের ডর্টমুন্ডে যোগ দেন হুমেলস। ক্লাবটির হয়ে ৫০৮ ম্যাচ খেলে ৩৮ গোল করেন তিনি। অ্যাসিস্ট করেন ২৩ গোলে।
ডর্টমুন্ডের এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলার পথে গুরুত্বপূর্ণ অবদান ছিল হুমেলসের। দারুণ একটি মৌসুম কাটানো এই ফুটবলারকে যদিও ইউরোর দলে রাখেননি জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান।
এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন ভাঙে ডর্টমুন্ডের। ২০১৩ সালেও ফাইনাল খেলেছিল তারা, সেবার হেরেছিল বায়ার্নের বিপক্ষে। দুইবারই দলটির ব্যর্থতার অংশ হুমেলস।
চ্যাম্পিয়ন্স লিগ না জিতলেও ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পান হুমেলস। এছাড়া ডর্টমুন্ডের হয়ে দুটি করে লিগ শিরোপা ও জার্মান কাপ জেতেন তিনি।