২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছরের চুক্তিতে লিভারপুলের নতুন কোচ স্লট

প্রথম ডাচ হিসেবে লিভারপুলের প্রধান কোচ হতে যাচ্ছেন আর্না স্লট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2024, 12:00 AM

Updated : 26 Aug 2026, 09:36 AM

সবকিছু একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার। সেটাও হয়ে গেল এবার। প্রধান কোচের পদে আর্না স্লটকে নিয়োগের কথা নিশ্চিত করেছে লিভারপুল।

লিভারপুলের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১ জুন দায়িত্ব নেবেন স্লট। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের চুক্তির মেয়াদ তিন বছর।

এই বছরের শুরুতে ইয়ুর্গেন ক্লপ চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়াও ঘোষণা দেওয়ার পর নতুন কোচের খোঁজে নামে ক্লাবটি। প্রথমদিকে সম্ভাব্য কয়েকজনের নাম শোনা গেলেও, পরে স্লটের দিকে মনোযোগ দেয় ইংলিশ ক্লাবটি। ফেইনুর্দে দারুণ সফল তিনটি মৌসুম কাটানো এই ডাচ কোচও আগ্রহী হয়ে ওঠেন।

গত মাসেই সবকিছু একরকম পরিষ্কার হয়ে ওঠে যে, লিভারপুলে ক্লপের উত্তরসূরি হতে যাচ্ছেন ৪৫ বছর বয়সী স্লট। তিন দিন আগে তিনি নিজেও নিশ্চিত করেন, অ্যানফিল্ডে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

ফেইনুর্দে আগ্রাসী ও উদ্ভাবনী ঘরানার ফুটবল দিয়ে নজর কাড়া স্লট প্রথম মৌসুমেই দলটিকে তোলেন উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে। পরে ২০২২-২৩ মৌসুমে ক্লাবকে এনে দেন ডাচ লিগের শিরোপা। চলতি মৌসুমে তারা জিতেছে ডাচ কাপের শিরোপা। আর লিগে হয়েছে দ্বিতীয়।

প্রথম ডাচ হিসেবে লিভারপুলের প্রধান কোচ হতে যাচ্ছেন স্লট। চ্যাম্পিয়ন লিগ, প্রিমিয়ার লিগসহ লিভারপুলকে বড় সাতটি ট্রফি জেতানো ক্লপের উত্তরসূরি হিসেবে স্লটের সামনে অপেক্ষা করছে দলকে সাফল্যের পথে টেনে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ।