২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট কাটিয়ে কবে ফিরবেন, জানেন না নাদাল

মাদ্রিদ ওপেনে খেলতে পারবেন না স্প্যানিশ এই তারকা, ফরাসি ওপেনেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2023, 08:31 PM

Updated : 20 Apr 2023, 08:31 PM

কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন রাফায়েল নাদাল। চোট থেকে কবে সেরে উঠবেন, কবে আবারও কোর্টে দাপিয়ে বেড়াতে পারবেন, এখনও জানেন না এই টেনিস তারকা। 

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিপক্ষে খেলতে নেমে নিতম্বে চোট পান নাদাল। দ্বিতীয় সেটে নিজের সার্ভে পয়েন্ট হারানোর পর মেডিকেল টাইমআউট নিয়ে খেলা চালিয়ে যান তিনি। যদিও শেষ পর্যন্ত সরাসরি সেটে হেরে যান ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে। 

ওই চোটে প্রাথমিকভাবে ছয় থেকে আট সপ্তাহের জন্য ছিটকে যান তিনি। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেরে উঠতে পারেননি রেকর্ড ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই স্প্যানিয়ার্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় নাদাল জানান, মাদ্রিদ ওপেনে নিশ্চিতভাবে খেলতে পারবেন না তিনি। প্রতিযোগিতা শুরু হবে আগামী মঙ্গলবার। 

আগামী মে মাসে অনুষ্ঠেয় ফরাসি ওপেনেও তার কোর্টে নামার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। 

“চোট এখনও সারেনি। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রয়োজনীয় অনুশীলন করতে পারছি না। আমি অনুশীলন শুরু করেছিলাম। কিন্তু কদিন আগে আমরা সিদ্ধান্ত নেই প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনার, অন্য চিকিৎসা নেওয়ার এবং তা কতটা কার্যকর হয় দেখার।” 

“আমি (ফেরার) সময়সীমা দিতে পারছি না। কারণ আমি যদি জানতাম তাহলে বলতাম, কিন্তু আমি জানি না। বর্তমানে পুরো বিষয়টি এরকম।”