যে কারণে আনচেলত্তির ওপর ‘বিরক্ত’ মরিনিয়ো
‘কার্লো, আপনাকে নিয়ে আমি আর পারছি না’, রেয়াল মাদ্রিদের সাবেক কোচকে নিয়ে মজার ছলে বললেন বর্তমান কোচ।
কার্লো আনচেলত্তির সঙ্গে জুজে মরিনিয়োর ভালো সম্পর্কের কথা ফুটবল অনুরাগী মোটামুটি সবার জানা। অভিজ্ঞ ইতালিয়ান কোচকে আবারও প্রশংসায় ভাসালেন পর্তুগিজ কোচ। রেয়াল মাদ্রিদের সাবেক কোচ আনচেলত্তিকে নিয়ে খানিকটা মজাও করলেন দলটির বর্তমান কোচ মরিনিয়ো।
এই মৌসুমে দ্বিতীয় মেয়াদে রেয়ালে ডাগআউটে ফেরেন মরিনিয়ো। ইউরোপের সফলতম ক্লাবটি ছেড়ে গত বছর ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন আনচেলত্তি।
গত সেপ্টেম্বরে পুরনো ঠিকানায় ফিরেছিলেন আনচেলত্তি। রেয়ালের খেলোয়াড় ও মরিনিয়োর সঙ্গে তার হাস্যোজ্জ্বল নানা ছবি ছড়িয়ে পড়েছিল তখন সামাজিক মাধ্যমে।
ইতালিয়ান সংবাদমাধ্যম ‘কোরিয়ারে দেল্লো স্পোর্ত’কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তির আগমনের প্রেক্ষাপট তুলে ধরলেন মরিনিয়ো।
“কার্লো দারুণ একজন মানুষ। কার্লো তার (ব্রাজিল দলের) খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তিনি ভিনিসিউসের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন; জানতে চেয়েছিলেন রদ্রিগোর কী অবস্থা, তার উন্নতি (চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়া) কেমন হচ্ছে, আর মিলিতাওয়েরই বা কী অবস্থা।
“তখন এন্দ্রিকও চোট পেয়েছিল। আর কার্লো এখানে আসার জন্য আমার কাছে অনুমতি চেয়েছিলেন। আপনি পাগল নাকি, কার্লো! তবে কার্লো এমনই।”
এরপরই মজার ছলে মরিনিয়ো বলেন, “কার্লো, আপনাকে নিয়ে আমি আর পারছি না! প্রতিদিন করিডোর দিয়ে হাঁটার সময় দেখি- এখানে কার্লোর ছবি, ওখানে কার্লোর ছবি। আপনাকে নিয়ে আমি সত্যিই অতিষ্ঠ হয়ে উঠেছি (হাসি)।”
