২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভিন্ন’ ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে সতর্ক গুয়ার্দিওলা

নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে হলে নিজেদের সেরাটা দিতে হবে, বলছেন ম্যানচেস্টার সিটির কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2023, 11:29 PM

Updated : 02 Jun 2023, 11:29 PM

লড়াইটা যখন এক ম্যাচের, পেপ গুয়ার্দিওলার কাছে অতীতের মূল্য আছে সামান্যই। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে তাই খুব সতর্ক ম্যানচেস্টার সিটি কোচ। গত অক্টোবরে প্রিমিয়ার লিগে মুখোমুখি লড়াইয়ে ইউনাইটেড ৬-৩ গোলে বিধ্বস্ত হলেও তারা এখন পুরোপুরি ভিন্ন এক দল বলে মনে করেন তিনি। ট্রফি জিততে হলে নিজেদের সেরাটা মেলে ধরার কোনো বিকল্প দেখছেন না গুয়ার্দিওলা।

এফএ কাপের শিরোপা লড়াইয়ে শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে খেলবে ম্যানচেস্টারের দুই দল। এই প্রথম বড় কোনো প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে তারা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

সিটির জন্য স্রেফ একটি ফাইনালই নয় এটি, ট্রেবল জয়ের স্বপ্ন পূরণের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার উপলক্ষও। কাজটা তাদের জন্য মোটেও সহজ হবে না বলে মনে করেন গুয়ার্দিওলা।

“গত পাঁচ-ছয় মাসে ম্যানচেস্টার (ইউনাইটেড) যা করেছে, মৌসুমের শুরুতে আমরা যাদের মুখোমুখি হয়েছিলাম তার থেকে পুরোপুরি ভিন্ন দল এখন তারা।”

"ফাইনাল হলো ৯০ মিনিটে আপনি কেমন করলেন, সেটা। অতীতে আপনি কী করেছেন বা আপনি কতটা ভালো, তা নয়। এটি এক ম্যাচের লড়াই, তাই তাদের হারাতে আমাদের সেরাটা দিতে হবে।”

সিটি এবার টানা তৃতীয় প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে, শেষ রাউন্ডে হারের আগে টানা ১৩ ম্যাচে অপরাজিত থেকে। আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। ইউরোপ সেরার স্বাদ এখনও পায়নি তারা।

একমাত্র ইংলিশ দল হিসেবে ট্রেবল জয়ের কীর্তি আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ১৯৯৯ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে এই নজির গড়ে তারা।

দলটির বর্তমান কোচ এরিক টেন হাগ আগেই বলে দিয়েছেন, সিটির ট্রেবল জয়ের স্বপ্ন ভাঙতে ‘সবকিছুই’ করবেন তারা। এই ডাচ কোচের হাত ধরে গত ফেব্রুয়ারিতে লিগ কাপ জেতা ইউনাইটেড প্রিমিয়ার লিগ শেষ করে তিনে থেকে।