২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড

‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডির সেমি-ফাইনালে উঠেছে থাইল্যান্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2024, 08:59 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডির সেমি-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে থাইল্যান্ডকে পেয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের রানার্সআপ সেরা চারে জায়গা করে নিয়েছে থাইল্যান্ড।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার জমজমাট লড়াইয়ে ইরাককে ৪৪-৪২ পয়েন্টে হারায় থাইল্যান্ড। পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হলো তারা।

ফাইনালে ওঠার লড়াইয়ে রোববার থাইল্যান্ডের মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের সেরা বাংলাদেশ। ম্যাচটি কোর্টে গড়াবে স্থানীয় সময় বেলা ৪টায়।

নেপালকে ৪৬-৩১ পয়েন্টে হারিয়ে টানা পাঁচ জয়ে গ্রুপ সেরা হয় বাংলাদেশ। দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারিয়ে প্রতিযোগিতা শুরুর পর মালয়েশিয়ার বিপক্ষে ৭৩-২২ পয়েন্টে ও ইন্দোনেশিয়ার ৫৯-১৯ পয়েন্টে জিতেছিলেন আরদুজ্জামান-জিয়ারা। নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্ট হারিয়ে সেমি-ফাইনাল খেলা নিশ্চিত করেছিল তারা।

গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে থাইল্যান্ডকে সমীহ করেই ফাইনালের মঞ্চে ওঠার ছক কষছেন কোচ আব্দুল জলিল। দল চোটমুক্ত থাকায় আরও বেশি আশাবাদী তিনি।

“দলের সবাই সুস্থ আছে। দলে কোনো চোট সমস্যা নেই। গ্রুপ পর্ব থেকেও আমাদের দল ভালো খেলছে। প্রতিপক্ষ হিসেবে থাইল্যান্ড অনেক শক্তিশালী। ওরা বিদেশি কোচের অধীনে এই আসরে খেলছে। গত বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে ওরা তৃতীয় হয়েছিল। এবার তারা মরণ কামড় দিতে চাই। তবে আমরাও সতর্ক আছি। থাইল্যান্ডকে হারিয়ে দল শুধু ফাইনালেই উঠবে না, গত তিন আসরের মতো এবারো আমরাই চ্যাম্পিয়ন হব।”

থাইল্যান্ডকে সমীহ করছেন বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুন্সিও। আটঘাট বেঁধেই থাইরা কোর্টে নামবে বলে সতীর্থদের বার্তা দিয়েছেন অভিজ্ঞ এই রেইডার।

“থাইল্যান্ড ভালো খেলে সেমি-ফাইনালে এসেছে। আমরাও নিজেদের সেরাটা খেলে গ্রুপপর্বে কোনো ম্যাচ না হেরে সেমি-ফাইনালে এসেছি। আজ ইরাকের বিরুদ্ধে থাইল্যান্ড কিন্তু ওদের সেরা রেইডারকে খেলায়নি। এটা ওদের পরিকল্পনার অংশ ছিল। ওদের সেরা অস্ত্র আমাদের ম্যাচে ব্যবহার করবে বলে।”

“তবে, থাইল্যান্ডকে নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। আমরা আমাদের খেলায় ফোকাস করতে চাই। আপাতত আমাদের সমস্ত ভাবনা সেমি-ফাইনাল ম্যাচ নিয়ে। সেখানে জয় পেলে পরে ফাইনাল নিয়ে ভাবব।”

থাইল্যান্ডের ম্যানেজার রবীন্দ্র শেঠিও বাংলাদেশকে নিয়ে সতর্ক। চোট সমস্যাও তাকে কিছুটা ভাবাচ্ছে।

“আগামীকাল আমাদের জন্য বড় দিন। কারণ, আমরা বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে খেলব। আমরা গতবার তৃতীয় হয়েছিলাম এবং এবার আমরা পরিস্থিতির দিকে নজর দেব। বাংলাদেশ ভালো দল এবং নিজেদের ঘরে যথেষ্ট ভালো। আমরাও নিজেদের সেরাটা দিয়ে ওদের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করব।”

“আমাদের তিনজন খেলোয়াড়ের ছোটখাটো চোট আছে। সঙ্গে আমাদের প্রধান রেইডারও। এ কারণে আমরা উদ্বিগ্ন। আমি ঢাকার কাবাডি সমর্থকদের চিনি এবং তারা খুবই উৎসাহী। কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা এবং বাংলাদেশ সমর্থন উপভোগ করবে। তবে আমরা ম্যাচ জিততে মাঠে নামব।”