২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নটিংহ্যাম ম্যাচে ‘ফিরতে পারেন’ হলান্ড

চোট কাটিয়ে ওঠা এই তারকা স্ট্রাইকার এখন ভালো অনুভব করছেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2024, 10:24 PM

Updated : 26 Apr 2024, 10:24 PM

পেশির চোট থেকে সেরে উঠেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড। দলটির কোচ পেপ গুয়ার্দিওলা আভাস দিয়েছেন, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে পরের ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন নরওয়ের এই তারকা। 

প্রিমিয়ার লিগের ম্যাচে আগামী রোববার নটিংহ্যামের মুখোমুখি হবে সিটি। 

রেয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগের ম্যাচে চোট পান হলান্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে তাকে তুলে নেন কোচ। টাইব্রেকারে হেরে ইউরোপ সেরার প্রতিযোগিতা থেকে বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়নরা। 

এরপর থেকে মাঠের বাইরে হলান্ড। এফএ কাপের সেমি-ফাইনালে চেলসির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি তিনি। লিগ ম্যাচে বৃহস্পতিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ৪-০ গোলে উড়িয়ে দেয় সিটি, এই ম্যাচের স্কোয়াডেও ছিলেন না এখন পর্যন্ত লিগে যৌথভাবে সর্বোচ্চ ২০ গোল করা হলান্ড। 

ব্রাইটন ম্যাচের পরই হলান্ডের ফেরার বিষয়ে ইঙ্গিত দেন গুয়ার্দিওলা। 

“আমি তার সঙ্গে কথা বলেছি। সে এখন ভালো অনুভব করছে বলে জানিয়েছে।” 

৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে সিটি। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। 

৩৪ ম্যাচ খেলে ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল।