০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

গুয়ার্দিওলার উপলব্ধি, 'জেতার যোগ্য ছিলাম না'

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ ম্যানচেস্টার সিটি কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 05:04 PM

Updated : 17 Dec 2023, 05:04 PM

দুই গোলে এগিয়ে থেকে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের পথে থাকা ম্যানচেস্টার সিটি ধাক্কা খায় শেষ দিকে। শেষ মুহূর্তে পেনাল্টি হজম করে পয়েন্ট হারায় তারা। দলের এমন পারফরম্যান্সে ভীষণ হতাশ ও ক্ষুব্ধ পেপ গুয়ার্দিওলা। বললেন, জয়ের যোগ্য ছিল না তার দল। 

ইতিহাদ স্টেডিয়ামে শনিবারের এই লিগ ম্যাচে জ্যাক গ্রিলিশের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় সিটি। বিরতির পর ব্যবধান বাড়ান রিকো লুইস। পজেশন রাখায় এবং আক্রমণে পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের। কিন্তু আচমকা এক পাল্টা আক্রমণে ৭৬তম মিনিটে জ্যঁ-ফিলিপ মাতেতার গোলে ঘুরে দাঁড়ায় প্যালেস। আর একদম শেষে গিয়ে সফল স্পট কিকে সমতা টানেন মাইকেল ওলিস। 

২-২ ড্রয়ে শেষ হয় ম্যাচ; প্রিমিয়ার লিগে সবশেষ পাঁচ ম্যাচে এই নিয়ে চতুর্থবার পয়েন্ট হারাল শিরোপাধারীরা। ম্যাচের পর তাই হতাশা ঝড়ল গুয়ার্দিওলার কন্ঠে। 

“এটা দুর্ভাগ্য নয়, এটাই (ড্র) আমাদের প্রাপ্য। আমরা দুটি পয়েন্ট ছুড়ে ফেলে দিয়েছি। প্রতিপক্ষকে এমন একটা পেনাল্টি দিলে, এটাই আপনার প্রাপ্য। খেয়াল করুন, পুরো ম্যাচে আমরা কত সুযোগ তৈরি করেছি এবং গোল হজম করেছি, এটি যেন পুরো মৌসুমের চিত্র - কিন্তু আমরা ম্যাচগুলো জিততে সক্ষম হইনি।” 

গোলের উদ্দেশ্যে প্রথম শট নিয়েই জালের দেখা পায় প্যালেস। এই গোলের পাশাপাশি অন্তিম সময়ে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেওয়া নিয়েও ক্ষুব্ধ গুয়ার্দিওলা। 

“লক্ষ্যে প্রথম শট থেকেই গোল করে (প্যালেস) এবং শেষ মুহূর্তে আমরা তাদের (একটি পেনাল্টি) উপহার দেই। ১৮ গজ বক্সে আপনাকে সতর্ক থাকতে হবে এবং আমরা তা ছিলাম না। আমরা জেতার যোগ্য নই।” 

এই ম্যাচের পর ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিটি। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।