চেলসিকে হারিয়ে মিডলসব্রা কোচের ‘স্বপ্নের রাত’
লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে জয়ের পর ফিরতি লেগের জন্য বার্তা দিয়ে রাখলেন মাইকেল ক্যারিক।
মূল দলের ১২ জন নেই, ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যে চোটে হারাতে হয় আরও দুজনকে, তারপরও হাল ছাড়েনি মিডলসব্রা। শক্তি-সামর্থ্যে অনেক এগিয়ে থাকা চেলসিকে হারিয়ে লিগ কাপের ফাইনালের পথে কিছুটা হলেও এগিয়ে গেছে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দলটি। এমন সাফল্যে দারুণ উচ্ছ্বসিত মিডলসব্রার কোচ মাইকেল ক্যারিক। এটিকে তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।
ঘরের মাঠে মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জেতে মিডলসব্রা। প্রথমার্ধে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার হেইডেন হ্যাকনি।
আক্রমণে পুরো ম্যাচেই দাপট ছিল অবশ্য চেলসির। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য তারা শট নেয় ১৮টি, যদিও এর মধ্যে কেবল ৫টি লক্ষ্যে রাখতে পারে তারা। মাওরিসিও পচেত্তিনোর দল সুযোগ হারায় একাধিক। মিডলসব্রার ৬ শটের ২টি লক্ষ্যে ছিল।
পঞ্চম মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন মিডলসব্রার ফরোয়ার্ড এমানুয়েল লাট লাথ। ২০তম মিনিটে একই কারণে তুলে নিতে হয় ডিফেন্ডার অ্যালেক্স বাঙ্গুরাকে।
তবুও শেষ পর্যন্ত এমন একটি জয়, ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ক্যারিক স্কাই স্পোর্টসকে বললেন, সমর্থকদের আনন্দ উপহার দিতে পেরে খুশি তিনি।
"ছেলেরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছে, তা ছিল খুব বিশেষ কিছু এবং এটি আমাকে গর্বিত করেছে। আমি জানি সবার কাছে এই জয়ের অর্থ কী, এত মানুষকে এতটা খুশি দেখতে পাওয়া আমার জন্য ছিল অসাধারণ এবং বিশেষ কিছু।”
"আমরা দ্বিতীয় লেগের জন্য প্রস্তুত থাকব এবং আক্রমণাত্মক খেলব, এরপর দেখব কী হয়। ফুটবল হলো স্বপ্ন দেখার বিষয় এবং আজ রাতে এমন কিছু ঘটবে, তা হয়তো কেউ ভাবেনি।”
আগামী ২৩ জানুয়ারি চেলসির মাঠে হবে ফিরতি লেগ। প্রায় দুই দশক পর লিগ কাপের ফাইনালে ওঠার হাতছানি মিডলসব্রার সামনে। প্রতিযোগিতাটিতে নিজেদের একমাত্র শিরোপাটি তারা জিতেছিল সেই ২০০৪ সালে।
