মায়ামির জয়ে মেসির জোড়া গোল
প্লে-অফ সিরিজের প্রথম রাউন্ডের ম্যাচে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছে হাভিয়ের মাসচেরানোর দল।
সদ্য চুক্তি নবায়ন করা লিওনেল মেসির নৈপুণ্যে এমএলএস প্লে-অফ সিরিজে দারুণ সূচনা করেছে ইন্টার মায়ামি। আর্জেন্টিনা অধিনায়কের জোড়া গোলে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ন্যাশভিল এসসিকে তারা হারিয়েছে অনায়াসে।
ঘরের মাঠে বাংলাদেশ সময় শনিবার সকালে ৩-১ গোলে জিতেছে মায়ামি। তাদের অন্য গোলটি করেছেন তাদেও আইয়েন্দে।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ন্যাশভিলের বিপক্ষে টানা ছয় ম্যাচে জিতল মায়ামি। আগামী ১ নভেম্বর সপ্তম জয় পেলে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজে জিতে যাবে হাভিয়ের মাসচেরানোর দল। তাতে হয়তো গত মৌসুমে প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে হারের ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে।
আটলান্টার বিপক্ষে গতবার প্লে অফ সিরিজে তিন ম্যাচ খেলে একটি গোল করেন মেসি, অবদান রাখেন একটি গোলে। এবার এক ম্যাচেই করলেন দুই গোল। ন্যাশভিলের বিপক্ষে আট ম্যাচে তার গোল হল ১২টি, এর সাতটি চলতি মৌসুমে।
লিগের নিয়মিত মৌসুমের শেষ দিনে গত রোববার ন্যাশভিলকে তাদের মাঠেই ৫-২ গোলে হারায় মায়ামি। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি।
এদিন আর্জেন্টিনা অধিনায়কই ১৯তম মিনিটে এগিয়ে নেন মায়ামিকে।
মাঝমাঠে রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে একটু এগিয়ে লুইস সুয়ারেসকে খুঁজে নেন মেসি। ন্যাশভিলের দুই ডিফেন্ডার যেন বুঝে উঠতে পারছিলেন না, মেসিকে পাহারায় রাখবেন নাকি সুয়ারেসকে ঠেকানোর চেষ্টা করবেন।
সেই সুযোগ মেসি ঢুকে পড়েন ডি বক্সে। সুয়ারেসের ক্রস পেয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন তিনি। কিছুই করার ছিল না ন্যাশভিল গোলরক্ষক জো উইলিসের।
৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আইয়েন্দে। লিগের ‘অফ ফিল্ড ট্রিটমেন্ট’ নিয়মের জন্য সে সময় মাঠের বাইরে ছিলেন ন্যাশভিল সেন্টার ব্যাক জেইসন পালাসিওস।
মেসির বাড়ানো বলে প্রথম স্পর্শে ক্রস করেন ফ্রে। পেনাল্টি স্পটের কাছ থেকে আইয়েন্দে দারুণ হেডে দূরের পোস্ট দিয়ে খুঁজে নেন জাল।
ওই নিয়ম না থাকলে সাইড লাইনে দাঁড়িয়ে গোল দেখতে হতো না পালাসিওসের। আইয়েন্দের হেড ঠেকাতে ডি বক্সে উপস্থিত থাকতে পারতেন এই ডিফেন্ডার।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ব্যবধান বাড়ান মেসি। জর্দি আলবার ক্রস ঠেকাতে ঝাঁপ দেন উইলিস, বল গ্লাভসেও নেন তিনি। কিন্তু ছুটে আসা সেন্টার ব্যাক ওয়াকার জিমারম্যানের সঙ্গে সংঘর্ষে ছুটে যায় বল। সামনেই থাকা মেসি আলতো স্পর্শে সারেন বাকিটা।
ম্যাচের অন্তিম সময়ে সরাসরি ফ্রি কিকে ব্যবধান কমান ন্যাশভিলের হানি মুখতার।
