২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকসে ফ্রান্সের প্রাথমিক দলে নেই এমবাপে

প্রস্তুতি ক্যাম্পের জন্য ঘোষিত ২৫ জনের দলে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে রাখেননি কোচ থিয়েরি অঁরি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2024, 09:45 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

প্যারিস অলিম্পিকসের জন্য ঘোষিত ফ্রান্সের প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি কিলিয়ান এমবাপের। তারকা এই ফরোয়ার্ডকে ছাড়াই প্রস্তুতি ক্যাম্পের জন্য ২৫ জনের দল সাজিয়েছেন কোচ থিয়েরি অঁরি।

ঘরের মাঠে অনুষ্ঠেয় অলিম্পিকসে খেলতে মুখিয়ে থাকার কথা অনেকবারই বলেছেন এমবাপে। প্রস্তুতি ক্যাম্পের দল থেকে বাদ পড়ায় তার সেই চাওয়ায় চোট লাগলেও সম্ভাবনা শেষ হয়ে যায়নি।

দল ঘোষণার দিন সোমবার ফ্রান্স কোচ অঁরি বলেন, সবার জন্য দরজা খোলা আছে। তবে আপাতত যাদের পাওয়া যাবে তাদের নিয়েই একটি দল সাজিয়েছেন তিনি। 

“আমি আশার দরজা বন্ধ করছি না; আমরা জানি না কী হবে। তবে আমাকে একটা বাস্তবসম্মত তালিকা দিতে হবে। তালিকাটি সবার জন্য উন্মুক্ত।”

পিএসজি থেকে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছাকাছি আছেন এমবাপে। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ২০১৮ বিশ্বকাপ জয়ী তারকাকে নিয়ে কথা হয়েছে কিনা, এমন প্রশ্নও করা হয় অঁরিকে। রেয়ালের নাম উল্লেখ না করে তিনি বলেন, “আমি যাদের সঙ্গে কথা বলেছি, তারা খুবই সোজাসাপ্টা উত্তর দিয়েছে।”

“এটা এখনকার জন্য তালিকা এবং ৩ জুলাই পর্যন্ত পরিবর্তন হতে পারে। হ্যাঁ বা না বলার ক্ষমতা ক্লাবগুলোর আছে।”

অলিম্পিকসের ফুটবল টুর্নামেন্ট ফিফার পঞ্জিকার অংশ নয়। তাই ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের ছেড়ে দিতেও বাধ্য নয়। রেয়ালে যোগ দিলে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরপরই অলিম্পিকসে খেলতে এমবাপেকে না-ও দিতে পারে স্প্যানিশ ক্লাবটি।

অলিম্পিকসে ফ্রান্সের প্রথম ম্যাচ আগামী ২৪ জুলাই, যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এর আগে প্যারাগুয়ে, ডমিনিকান রিপাবলিক ও জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ফরাসিরা।