২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈষম্যমূলক মন্তব্য করে সনের কাছে ক্ষমা চাইলেন উরুগুয়ের মিডফিল্ডার

উরুগুয়ের কোপা আমেরিকার দলে থাকা রদ্রিগো বেন্তানকুর বলেছেন, কাউকে অসম্মান করতে কিছু বলেননি তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2024, 03:39 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

টটেনহ্যাম হটস্পারের সতীর্থ সন হিউং-মিনকে নিয়ে একটি বৈষম্যমূলক মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন রদ্রিগো বেন্তানকুর। তবে নিজের ভুল দ্রুতই বুঝতে পেরেছেন উরুগুয়ের এই মিডফিল্ডার। তাই দক্ষিণ কোরিয়ান তারকার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

সম্প্রতি উরুগুয়ের টেলিভিশন অনুষ্ঠান পর লা কামিসেতায় কথা বলার সময় সনকে নিয়ে মজার ছলে বেন্তানকুর বলে বসেন, দক্ষিণ কোরিয়ার ‘সবাই দেখতে একই রকম।’ তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়াতে দেরি হয়নি। 

ছোট্ট সেই ভিডিও ক্লিপে ২৬ বছর বয়সী বেন্তানকুরের কাছে টটেনহ্যামের একজন খেলোয়াড়ের জার্সি চান অনুষ্ঠানের সঞ্চালক রাফা কোতেলো। উত্তরে উরুগুয়ের মিডফিল্ডার বলেন, “সনির (সন হিউং-মিন)?” সঙ্গে যোগ করেন, “এটা কিন্তু সনির কাজিনও হতে পারে, যেহেতু তারা দেখতে সবাই একই রকম।”

মন্তব্য করার পর নিজের ভুল বুঝতে পেরে শুক্রবার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সনের কাছে ক্ষমা চান উরুগুয়ের হয়ে কোপা আমেরিকা খেলতে যুক্তরাষ্ট্রে থাকা বেন্তানকুর।

“ভাই সনি! যা ঘটেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, এটি স্রেফ খুব খারাপ একটা রসিকতা ছিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি এবং আমি কখনই তোমাকে অসম্মান করব না বা তোমাকে বা অন্য কাউকে আঘাত করব না! আমি তোমাকে ভালোবাসি, ভাই!"

এনিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি টটেনহ্যাম ও দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন।

পানামা ম্যাচ দিয়ে আগামী ২৪ জুন কোপা আমেরিকা অভিযান শুরু করবে উরুগুয়ে। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বলিভিয়া ও যুক্তরাষ্ট্র।