২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল নাস্‌রকে উড়িয়ে সুপার কাপ আল হিলালের

ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে এগিয়ে থেকে বিরতি যাওয়ার পরও বড় ব‍্যবধানে হেরেছে আল নাস্‌র।

আল নাস্‌রকে উড়িয়ে সুপার কাপ আল হিলালের
আল নাস্‌রকে সহজেই হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের ৭০তম শিরোপা জিতল আল হিলাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 12:22 AM

Updated : 26 Aug 2026, 10:16 AM

আরেকটি গোল হজমের পর মাঝমাঠে ভীষণ হতাশ দেখাল ক্রিস্তিয়ানো রোনালদোকে। দুই হাত গালে ঠেকিয়ে ঘুমের ভঙ্গি করলেন পর্তুগিজ মহাতারকা। সেখানেই থামলেন না তিনি, হাতের ইশারায় বুঝিয়ে দিলেন সব আশাই শেষ। অনেকটা অসহায় আত্মসমর্পণই করে আল নাস্‌র। তাদের উড়িয়ে দিয়ে সৌদি সুপার কাপে টানা দ্বিতীয় শিরোপা জিতল আল হিলাল। 

আভা সিটিতে শনিবার ফাইনালে ৪-১ গোল জিতেছে সৌদি চ‍্যাম্পিয়ন আল হিলাল। সুপার কাপে এটি তাদের রেকর্ড পঞ্চম শিরোপা। দুটির বেশি নেই আর কারো।

রোনালদোর গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল আল নাস্‌র। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে তাদের একরকম উড়িয়ে দিয়েছে আল হিলাল।  

প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে ৪৪তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাস্‌র। বাইলাইন থেকে সতীর্থের কাট ব্যাক পেয়ে খুব কাছ থেকে জাল খুঁজে নেন তিনি।

সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি আল হিলাল। ৫৫তম মিনিটে স্কোর লাইন ১-১ করে ফেলেন সের্গেই মিলিনকোভিচ-সাভিচ।

আট মিনিট পর আল হিলালকে এগিয়ে নেন আলেকসান্দার মিত্রোভিচ। ৬৯তম মিনিটে তার আরেক গোলে বাড়ে ব্যবধান।

এরপর আল নাস্‌রের জালে বল পাঠিয়ে আল হিলালের জয় একরকম নিশ্চিত করে ফেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম।

বাকি সময়ে আর জালের দেখা পায়নি কোনো দলই।